
(১ বছর আগে) ১৭ নভেম্বর ২০২৪, রবিবার, ৬:২৭ অপরাহ্ন
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ বলেছেন, জুলাইয়ের আন্দোলন শুধুমাত্র ভোটাধিকারের জন্য ছিল না। এটি ছিল সরকারের সংস্কার নিশ্চিত করার দাবিতে। বিএনপির গত ১৬ বছরের আহ্বানও একই ছিল। তিনি বলেন, "নির্বাচন সংস্কারের একটি প্রক্রিয়ার মাধ্যমে গ্রহণযোগ্য নির্বাচন কমিশন গঠনের পরই সুষ্ঠু নির্বাচন সম্ভব।"
রোববার (১৭ নভেম্বর) সকালে পটুয়াখালীর দশমিনায় জুলাই আন্দোলনে নিহতদের কবর জিয়ারত শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
হাসনাত অভিযোগ করেন, "জুলাইয়ের আন্দোলনে ছাত্রলীগ ও যুবলীগের যারা আহত হয়েছিলেন, তারা এখন ছাত্র আন্দোলনের নামে তালিকাভুক্ত হতে চাইছেন এবং বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছেন।"
আহতদের বিষয়ে তিনি বলেন, "সরকার যেন দ্রুত তাদের জন্য ব্যবস্থা গ্রহণ করে, যাতে তাদের রাস্তায় নামতে না হয়।"
আওয়ামী লীগ ও জাতীয় পার্টির নির্বাচনে অংশগ্রহণ নিয়ে এক প্রশ্নের জবাবে হাসনাত বলেন, "এই দুই দলের নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত জনগণ নেবে। তবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দাবি, আওয়ামী লীগের গুম-খুনের বিচার নিশ্চিত করতে হবে। বিচারের আগে তাদের নির্বাচনে অংশ নেওয়া প্রতিরোধ করা হবে।"
তিনি আরও বলেন, "আমাদের আকাঙ্ক্ষা হলো, গুম-খুনের বিচার নিশ্চিত করে একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের পরিবেশ তৈরি করা।"