
(১ বছর আগে) ১৮ নভেম্বর ২০২৪, সোমবার, ১১:৪১ পূর্বাহ্ন
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) নতুন মোড়কে রাজনীতি শুরুর চেষ্টা করছে বামপন্থি ছাত্র সংগঠন সমাজতান্ত্রিক ছাত্রফন্ট বাকৃবি শাখার নেতাকর্মীরা। রাজনৈতিক কার্যক্রম পুনরায় শুরু করার প্রচেষ্টা হিসেবে ‘জুলাই স্মৃতি পরিষদ’ নামে একটি নতুন সংগঠনের আত্মপ্রকাশ করেছেন তারা।
শুক্রবার (১৫ নভেম্বর) ‘জুলাই স্মৃতি পরিষদ’ আত্মপ্রকাশের মাধ্যমে তারা কার্যত নতুন মোড়কে তাদের কার্যক্রম শুরু করেছে। ২৫ সদস্যবিশিস্ট নতুন সংগঠনের বেশিরভাগই ছাত্রফন্টের পদধারী কর্মী। এ ছাড়া সংগঠনের বাকি সদস্যরা মূলত প্রথম ও দ্বিতীয় বর্ষের ছাত্রফ্রন্ট মতাদর্শে অনুপ্রাণিত হয়েছে এমন।
শিক্ষার্থীরা অভিযোগ করে বলেন, রাজনীতি নিষিদ্ধ হলেও প্রকাশ্যে কার্যক্রম চালাচ্ছে বিশ্ববিদ্যালয়ের সমাজতান্ত্রিক ছাত্রফন্ট। তাদের কার্যালয় বন্ধ থাকলেও টিএসসিকেন্দ্রিক কার্যক্রমে তারা প্রকাশ্যে সরব ছিল। প্রশাসনের পক্ষ থেকে বিশ্ববিদ্যালয়ে সব ধরনের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ ঘোষণার পরও নতুন সংগঠনের আড়ালে ফের রাজনৈতিক তৎপরতা চালানোর চেষ্টা করছেন বলে অভিযোগ তুলেছেন বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমেও ব্যাপক আলোচনা-সমালোচনা চলছে। প্রশাসনের অনুমতি না নিয়ে নতুন সংগঠনের আত্মপ্রকাশ করায় শিক্ষার্থীদের মাঝে নানা ক্ষোভ তৈরি হয়েছে।
জানা যায়, শিক্ষার্থীদের চাপে গত ২৮ আগস্ট শিক্ষার্থীদের দাবির মুখে বাকৃবি প্রশাসন বিশ্ববিদ্যালয়ে রাজনীতি নিষিদ্ধ ঘোষণা করে এবং সব ছাত্র সংগঠনের কার্যালয় বন্ধ করে দেয়। তবে সেই সিদ্ধান্তের পরও ক্যাম্পাসে নতুন ব্যানারের আড়ালে নিজেদের সক্রিয়তা ধরে রাখার কৌশল নিয়েছে ছাত্রফন্ট, যা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের নজরে এসেছে।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, নতুন সংগঠন জুলাই স্মৃতি পরিষদের সভাপতি মনোনীত হয়েছেন বাকৃবি সমাজতান্ত্রিক ছাত্রফন্টের প্রচার ও প্রকাশনাবিষয়ক সম্পাদক জায়েদ হাসান ওয়ালিদ এবং সদস্যসচিব হয়েছেন ছাত্রফন্টের গ্রন্থাগার বিষয়ক সম্পাদক পুষ্পিতা ভট্টাচার্য। সংগঠনটির যুগ্ম আহ্বায়ক হয়েছেন ছাত্রফন্টের সদস্য মাহমুদুল হাসান রাজু। এছাড়াও যুগ্ম আহবায়ক হয়েছেন ছাত্রফন্টের অঙ্গসংগঠন বাকৃবির বিজ্ঞানচর্চা কেন্দ্রের সহসভাপতি মাশরুল আহসান, বিজ্ঞানচর্চা কেন্দ্রের সদস্য সানজিদা আক্তার ও দপ্তর সম্পাদক মো. সোহান সিকদার। সংগঠনটির সদস্য হিসেবে রয়েছেন বাকৃবির বিজ্ঞানচর্চা কেন্দ্রের অর্থ সম্পাদক ইয়াছিনুর রহমান ইন্না এবং সদস্য মেহেদী হাসান।
এদিকে নতুন সংগঠনের পক্ষ থেকে ‘কেমন বিশ্ববিদ্যালয় চাই?' শীর্ষক একটি ছাত্র-শিক্ষক সংলাপের আয়োজন করা হয়। কিন্তু এই আয়োজনে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কোনো প্রতিনিধিকে নেওয়া হয়নি এবং নামমাত্র বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষককে আমন্ত্রণ জানানো হয়েছে। এ ছাড়াও গত আগস্টে ফ্যাসিস্ট সরকারের রক্তচক্ষু উপেক্ষা করে অনেক শিক্ষক ছাত্রদের পাশে দাঁড়িয়েছিল তাদেরকেও না রাখায় শিক্ষার্থীদের মাঝে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
স্নাতকোত্তর শিক্ষার্থী আল সাউদ সৌহার্দ্য বলেন, আমি ওই অনুষ্ঠানের প্রথম ২০ মিনিট ছিলাম। পরে দেখি সাধারণ শিক্ষার্থী কেউ নাই। সব বাম রাজনীতির দলের কর্মীরা। পরে দেখলাম যে, এখানে বামভিত্তিক রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত শিক্ষার্থীরা নতুন সংগঠন খুলেছে যার মূল কাজ আগের মতোই কিন্তু নাম নতুন।