
(১ বছর আগে) ২১ নভেম্বর ২০২৪, বৃহস্পতিবার, ৯:৪১ পূর্বাহ্ন
নারায়ণগঞ্জ শহরের নলুয়াপাড়া এলাকায় চুরির অপবাদ দিয়ে বাবু (৫৫) নামে এক শ্রমিককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত মিলন মিয়াকে আটক করেছে পুলিশ।
বুধবার (২০ নভেম্বর) সন্ধ্যায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১৮ নম্বর ওয়ার্ড নলুয়াপাড়া এলাকার মাঠে এ ঘটনা ঘটে।
নিহত বাবু ওরফে ছোট বাবু নলুয়াপাড়া এলাকার বাসিন্দা। তিনি স্থানীয় একটি থাইয়ের দোকানে কাজ করতেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত বাবু ও অভিযুক্ত মিলন তারা দুজনে মাদকসেবী। বুধবার বিকেলে তারা একটি কক্ষে বসে মাদক সেবন করে ও আড্ডা দেয়। পরে ওই কক্ষ থেকে মিলনের সাড়ে চার হাজার টাকা চুরি হওয়ার অভিযোগ তুলে বাবুকে চোর চোর বলে ধাওয়া দেয়।
এ সময় নলুয়াপাড়া মাঠে নিয়ে বাবুকে মারধর করে ও ইট দিয়ে আঘাত করে। এতে সে গুরুতর আহত হলে তাকে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
এ খবর পেয়ে অভিযুক্ত মিলন কৌশলে লাশ ফেলে পালিয়ে যায়। পরে খবর পেয়ে পুলিশ গিয়ে নিহতের লাশ উদ্ধার করে মর্গে পাঠায় ও অভিযুক্ত মিলন মিয়াকে আটক করে।