
(২ বছর আগে) ২৩ নভেম্বর ২০২৪, শনিবার, ৯:৫৫ অপরাহ্ন
পশ্চিমবঙ্গের পাঁচ জেলার ছয় বিধানসভা আসনের উপনির্বাচনে বড় জয় পেল তৃণমূল কংগ্রেস। শনিবার (২৩ নভেম্বর) ফলাফল ঘোষণার পর ছয়টি আসনেই জয় নিশ্চিত করেছে ঘাসফুল শিবির। এই ফলাফলে উচ্ছ্বাস প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
ফলাফল প্রকাশের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে মমতা লিখেছেন:
"আমার অন্তরের অন্তঃস্থল থেকে মা-মাটি-মানুষকে জানাই প্রণাম। আমরা জমিদার নই, মানুষের পাহারাদার। মানুষের আশিস আজীবন আমাদের হৃদয় স্পর্শ করে থাকবে।"
১৩ নভেম্বর অনুষ্ঠিত উপনির্বাচনে কোচবিহারের সিতাই, আলিপুরদুয়ারের মাদারিহাট, পশ্চিম মেদিনীপুরের মেদিনীপুর, বাঁকুড়ার তালড্যাংরা, উত্তর ২৪ পরগনার হাড়োয়া ও নৈহাটিতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
মাদারিহাট, যা বিজেপির শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত ছিল, সেখানেও তৃণমূলের জয় নিশ্চিত হয়। ভোটগণনার শুরুতে প্রতিদ্বন্দ্বিতা থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ঘাসফুল শিবিরের অবস্থান আরও মজবুত হয়।
তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও সোশ্যাল মিডিয়ায় দলীয় প্রার্থীদের শুভেচ্ছা জানান।
এবারের উপনির্বাচনে বাম ও কংগ্রেস কোনো ধরনের জোট করেনি। দুই দলই আলাদা প্রার্থী দিলেও ভোটের ময়দানে সাফল্যের মুখ দেখেনি। প্রতিটি আসনেই তাদের প্রার্থীদের জামানত জব্দ হয়েছে।
প্রদেশ কংগ্রেসের অন্যতম মুখপাত্র সুমন রায় চৌধুরী স্বীকার করেছেন যে, এই ফলাফল রাজ্যে কংগ্রেসের সাংগঠনিক দুর্বলতা প্রকাশ করে। অন্যদিকে, সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম বলেন, "রাজ্যে পুর্নজাগরণ ঘটাতে বামপন্থার পুনরুত্থান আবশ্যক।"
তৃণমূলের এই ফলাফল অনেকটাই প্রত্যাশিত হলেও মাদারিহাট নিয়ে কিছুটা উদ্বেগ ছিল দলটির। তবে সব জল্পনার অবসান ঘটিয়ে মাদারিহাটেও জয় পায় তৃণমূল।
এই ফলাফল প্রমাণ করে রাজ্যের রাজনৈতিক ময়দানে এখনো মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দল অপ্রতিদ্বন্দ্বী।