
(১ বছর আগে) ২ ডিসেম্বর ২০২৪, সোমবার, ৬:২৪ অপরাহ্ন
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) দলের প্রতিষ্ঠাতা ইমরান খানকে সাতটি নতুন মামলায় ১৪ দিনের বিচারিক রিমান্ডে পাঠিয়েছেন দেশটির সন্ত্রাসবিরোধী আদালত (এটিসি)। এ খবর নিশ্চিত করেছে দ্য এক্সপ্রেস ট্রিবিউন।
এটিসির বিচারক আমজাদ আলী শাহের সভাপতিত্বে মামলার শুনানি অনুষ্ঠিত হয়। এ সময় আদালত নিউ টাউন থানা মামলাসহ আরও ছয়টি মামলায় ইমরান খানের বিচারিক রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে তোশাখানা ২.০ মামলায় জামিন পাওয়ার পর আদিয়ালা কারাগারে থাকা অবস্থায় ইমরান খানকে গ্রেফতার করে পুলিশ।
গত ২৮ সেপ্টেম্বর থেকে ৫ অক্টোবর পর্যন্ত ইমরান খানের বিরুদ্ধে দায়ের করা ছয়টি মামলায় শারীরিক রিমান্ডের আবেদন নাকচ করেন আদালত। তবে, বিচারিক রিমান্ড মঞ্জুর হওয়ার পর তাকে কারা পুলিশের হেফাজতে নেওয়া হয়। বর্তমানে ইমরান খানের সেল-৪-কে নিউ টাউন থানা হিসেবে মনোনীত করা হলেও, এখন তা আদিয়ালা কারাগারের অন্তর্ভুক্ত থাকবে।
উল্লেখ্য, ২৮ সেপ্টেম্বর, ৪ অক্টোবর এবং ৫ অক্টোবরের বিক্ষোভের সঙ্গে সংশ্লিষ্ট ছয়টি মামলায় ইমরান খানকে গ্রেফতার করা হয়েছিল। তবে, ২৪ নভেম্বরের বিক্ষোভের সঙ্গে জড়িত ২৮টি মামলায় এখনো কাউকে গ্রেফতার করা হয়নি।
ইমরান খানের বিরুদ্ধে সাম্প্রতিক বিক্ষোভের জেরে এই সাতটি নতুন মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছে স্থানীয় সূত্র।