
(১ বছর আগে) ৯ ডিসেম্বর ২০২৪, সোমবার, ২:৩৬ অপরাহ্ন
সূত্র: তাস
তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান দাবি করেছেন, বর্তমান বিশ্বে মাত্র দুইজন প্রকৃত অভিজ্ঞ নেতা রয়েছেন, যার মধ্যে তিনি একজন। অপরজন হলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। রোববার (৮ ডিসেম্বর) রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদসংস্থা তাস এ তথ্য জানিয়েছে।
এরদোয়ান বলেন, “বিশ্বে এখন মাত্র দুইজন অভিজ্ঞ নেতা আছেন। আমি একজন, আরেকজন পুতিন। কারণ আমি ২২ বছর ধরে ক্ষমতায় আছি, যা পুতিনের অভিজ্ঞতার কাছাকাছি। অন্য সব নেতা চলে গেছেন।”
তিনি আরও বলেন, "রাজনৈতিক আলোচনা চালিয়ে যাওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। জার্মানির উদাহরণ দেখুন—অ্যাঙ্গেলা মার্কেলের পদত্যাগের মাধ্যমে তাদের রাজনীতিতে এক যুগের সমাপ্তি ঘটেছে।”
এরদোয়ান জার্মানির সাবেক চ্যান্সেলর গেরহার্ড শ্রোয়েডারের প্রসঙ্গও তুলে ধরেন। তিনি বলেন, “গেরহার্ড শ্রোয়েডার আমাদের প্রতি গভীর সম্মান প্রদর্শন করতেন। উদাহরণস্বরূপ, রমজানের সময় তিনি আমাদের টেবিলে বিয়ার পান করতেন না। এটি তার শ্রদ্ধাশীলতার পরিচায়ক।”
বিশ্ব রাজনীতি নিয়ে এরদোয়ানের এই মন্তব্য আন্তর্জাতিক অঙ্গনে আলোচনার জন্ম দিয়েছে। দীর্ঘ ক্ষমতায় থাকার কারণে তার নেতৃত্বের দাবি নিয়ে বিভিন্ন মহলে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।