
(১ বছর আগে) ১০ ডিসেম্বর ২০২৪, মঙ্গলবার, ৩:৪২ অপরাহ্ন
বিশ্বখ্যাত বিজ্ঞান সাময়িকী নেচার ২০২৪ সালের সেরা ১০ ব্যক্তিত্বের তালিকায় বাংলাদেশি অর্থনীতিবিদ এবং শান্তিতে নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসকে অন্তর্ভুক্ত করেছে। সোমবার নেচারের ওয়েবসাইটে প্রকাশিত এই তালিকায় বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল ও চিকিৎসার ক্ষেত্রে প্রভাবশালী ব্যক্তিত্বদের সম্মাননা জানানো হয়েছে। নেচার ড. ইউনূসকে "নেশন বিল্ডার" আখ্যা দিয়েছে।
প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক সংকটের সময় শিক্ষার্থীদের আন্দোলনের পর অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব নিতে সম্মত হন ড. ইউনূস। এটি ছিল তার জীবনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ।
ড. ইউনূস দারিদ্র্য বিমোচন এবং সামাজিক উন্নয়নে গবেষণাধর্মী সমাধানের জন্য পরিচিত। তার সর্বাধিক আলোচিত উদ্যোগ ‘ক্ষুদ্রঋণ’ বিশ্বব্যাপী অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে ভূমিকা রেখেছে। ১৯৮৩ সালে প্রতিষ্ঠিত তার গ্রামীণ ব্যাংক মডেল বহু দেশে অনুসরণ করা হয়েছে।
নেচারের প্রতিবেদনে আরও বলা হয়েছে, ড. ইউনূস ও তার নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার দেশের দুর্নীতি নির্মূল, নাগরিক অধিকার রক্ষা, শিক্ষা ও কর্মসংস্থানে সমতা প্রতিষ্ঠার অঙ্গীকার করেছে। তবে বিশেষজ্ঞরা মনে করছেন, প্রাতিষ্ঠানিক সংস্কার ধীরগতির এবং জটিল একটি প্রক্রিয়া।
ইয়েল বিশ্ববিদ্যালয়ের অর্থনীতিবিদ মুশফিক মোবারক বলেন, “অগাস্টের বিপ্লবের আগে দেশের বিভিন্ন রাষ্ট্রীয় প্রতিষ্ঠান রাজনৈতিক হস্তক্ষেপের শিকার হয়েছিল। ড. ইউনূস ও তার দল এসব প্রতিষ্ঠানকে স্বাধীন রাখতে কাজ করছেন।”
নেচারের প্রতিবেদনে ড. ইউনূসের শারীরিক ও মানসিক দৃঢ়তার প্রশংসা করা হয়েছে। তার দীর্ঘ কর্মজীবন এবং উদ্ভাবনী দক্ষতা তাকে একটি জাতির নেতৃত্ব দিতে সক্ষম করেছে বলে মনে করছে সাময়িকীটি।
ড. ইউনূসের নেতৃত্বে বাংলাদেশের ভবিষ্যৎ কেমন হবে তা নির্ভর করবে তার নেতৃত্বাধীন সরকারের দক্ষতা ও প্রতিশ্রুতি বাস্তবায়নের ওপর।