
(১ বছর আগে) ১০ ডিসেম্বর ২০২৪, মঙ্গলবার, ৩:৪৪ অপরাহ্ন
রাজশাহীর ভুবন মোহন পার্কে মঙ্গলবার (১০ ডিসেম্বর) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর নেতৃত্বে ভারতীয় পণ্য বর্জনের প্রতিবাদে একটি ব্যতিক্রমী কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। ‘দেশীয় পণ্য কিনে হও ধন্য’ শীর্ষক এই আয়োজনে ভারতীয় পণ্য বর্জনের আহ্বান জানিয়ে দেশীয় কাপড় বিক্রি করা হয়।
অনুষ্ঠানে রিজভী রাজস্থানের জয়পুর টেক্সটাইলের একটি বেডশিট ছুঁড়ে ফেলে তাতে আগুন ধরান। পরে সেখানে উপস্থিত মেডিকেল শিক্ষার্থীদের আনা দেশীয় শাড়ি ও লুঙ্গি স্বল্প মূল্যে বিক্রি করা হয়। শাড়ি ২০০ টাকায় এবং লুঙ্গি ১০০ টাকায় বিক্রি করেন তারা।
ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে তোপ
অনুষ্ঠানে রিজভী বলেন, “ভারত আমাদের সাম্প্রদায়িক সৌহার্দ্য নষ্ট করতে চায়। তারা যদি চট্টগ্রাম দাবি করে, তবে আমরা নবাবী আমলের বাংলা, বিহার, উড়িষ্যা দাবি করবো।” তিনি আরও দাবি করেন, “শেখ হাসিনার তাবেদারি করার কারণে ভারত তার প্রিয়।”
তিনি বলেন, “আমাদের দেশে পেঁয়াজ উৎপাদনের চাহিদার তুলনায় উৎপাদন বেশি হলেও নানা কারসাজির মাধ্যমে দাম বাড়িয়ে ভারতীয় পেঁয়াজ আমদানি করা হয়। অথচ আমাদের টাঙ্গাইলের শাড়ি, কুমারখালির লুঙ্গি, এবং রাজশাহীর সিল্ক বিশ্ববিখ্যাত। আমাদের নিজের পণ্যের ওপর নির্ভর করলেই চলবে।”
ভারতীয় পণ্য বর্জনের ডাক
রিজভী ভারতের সাম্প্রতিক কর্মকাণ্ডের প্রতিবাদে ভারতীয় পণ্য বর্জনের আহ্বান জানান। তিনি বলেন, “আমরা ভারতের মুখাপেক্ষী হয়ে থাকতে চাই না। আমাদের নিজেদের ঐতিহ্য এবং উৎপাদন যথেষ্ট। এখন সময় এসেছে ভারতকে জানিয়ে দেওয়া যে, আমরা তাদের ছাড়াও চলতে পারি।”
এর আগে জাতীয় প্রেস ক্লাবে একটি প্রতিবাদ কর্মসূচিতে তিনি ভারতীয় পণ্য বর্জনের অংশ হিসেবে নিজের স্ত্রীর দেওয়া ভারতীয় শাড়ি পুড়িয়ে দেন।
এই কর্মসূচির মাধ্যমে বিএনপি দেশীয় পণ্যের প্রতি সমর্থন এবং ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে তাদের অবস্থান আরও সুস্পষ্ট করেছে।