banglahour

সংবিধান পাল্টানোর পরিকল্পনা নেই, রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে আইনমন্ত্রী

জাতীয় | নিজস্ব প্রতিবেদক

(৩ বছর আগে) ৪ জানুয়ারি ২০২৩, বুধবার, ৪:৪০ অপরাহ্ন

ঢাকা: আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক বলেছেন, নির্ধারিত সময়েই রাষ্ট্রপতি নির্বাচন হবে। এখন পর্যন্ত সংবিধান পাল্টানোর কোনও পরিকল্পনা সরকারের নেই।

আজ বুধবার (৪ জানুয়ারি) রাজধানীর বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে অধস্তন আদালতের বিচারকদের জন্য আয়োজিত এক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী একথা বলেন। যুক্তরাজ্যের সহযোগিতায় এই প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়। চারদিনের এ কর্মশালায় বাংলাদেশের বিচার বিভাগের বিভিন্ন সমস্যা যেমন মামলাজট, মামলা ব্যবস্থাপনা, দ্রুত মামলা নিষ্পত্তির পন্থা ইত্যাদি বিষয়ে আলোচনা করা হবে।

আইনমন্ত্রী বলেন, 'এখন পর্যন্ত সংবিধান পাল্টানোর কোনও পরিকল্পনা সরকারের নেই। নির্ধারিত সময়েই মহামান্য রাষ্ট্রপতি নির্বাচন হবে। যেহেতু তিনি দুই টার্ম থেকেছেন, সংবিধান অনুযায়ী তিনি আর বেশি থাকতে পারেন না। সেহেতু আমরা নতুন রাষ্ট্রপতি দেখবো, ইনশাল্লাহ।’

বিএনপি নেতাদের জামিনের প্রসঙ্গে মন্ত্রী বলেন, 'আদালতের কাজে আইন মন্ত্রণালয় তো নয়ই, সরকারের অন্য কোনও মন্ত্রণালয়ও হস্তক্ষেপ করছে না। আদালত যদি মনে করে থাকে, যে জামিন দেওয়া যাবে, আদালত জামিন দিয়েছে। যদি মনে করে থাকে যে, জামিন দেওয়া যাবে না, তখন দেয়নি।’

মন্ত্রী আরও বলেন, 'এটা অহরহ হয়ে থাকে যে নিম্ন আদালত জামিন দেননি, উচ্চ আদালত জামিন দিয়েছেন। আবার এমনও হয়, নিম্ন আদালত জামিন দিয়েছেন, উচ্চ আদালত সেখানে হস্তক্ষেপ করে তা আটকে দিয়েছেন। এটা নতুন কিছু না বাংলাদেশে। এটা নিয়ে যারা অভিযোগ করছেন, তারা হয়তো জাতীয় পার্টি-বিএনপির আমল দেখেননি বা দেখলেও তারা সেইসব অভিজ্ঞতার কথা এখন বলতে চান না।’
 

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল