banglahour

শীতকাল: মুমিনের বসন্তকাল এবং ইবাদতের মহৎ সুযোগ

ধর্ম | অনলাইন ডেস্ক

(১ বছর আগে) ১১ ডিসেম্বর ২০২৪, বুধবার, ৬:২৪ অপরাহ্ন

শীতের আগমন প্রকৃতিতে এক নতুন আমেজ নিয়ে আসে। গ্রীষ্মের প্রখর তাপদাহ এবং বর্ষার ঝড়-তুফানের আতঙ্ক শেষে, শীতের কুয়াশায় মোড়ানো পরিবেশ প্রকৃতি প্রেমীদের মন উল্লাসিত করে। এ ঋতুর টাটকা সবজি, খেজুরের রস, এবং বাহারি পিঠার স্বাদ যেন প্রতিটি ঘরে উৎসবের আমেজ নিয়ে আসে।

তবে শীতকাল শুধু প্রাকৃতিক শোভা ও খাদ্যের আনন্দের জন্যই গুরুত্বপূর্ণ নয়। ইসলামের দৃষ্টিতে শীত একটি বিশেষ মর্যাদাপূর্ণ মৌসুম। এই সময়ে ইবাদতের সুযোগ বেশি থাকে বলে প্রিয় নবী মুহাম্মদ (সা.) শীতকালকে "মুমিনের বসন্তকাল" হিসেবে আখ্যা দিয়েছেন।

শীতের বিশেষত্ব ইসলামের দৃষ্টিতে

রাসুলুল্লাহ (সা.) বলেছেন, "শীতের রাত দীর্ঘ হওয়ায় মুমিন রাত্রিকালীন নফল নামাজ (তাহাজ্জুদ) আদায় করতে পারে এবং দিন ছোট হওয়ায় রোজা রাখা সহজ হয়।" (বায়হাকি: ৩৯৪০)

বিশিষ্ট সাহাবি আবদুল্লাহ ইবনে মাসউদ (রা.) শীতকাল সম্পর্কে বলেছিলেন, "শীতকাল বরকত বয়ে আনে। কারণ, রাতগুলো দীর্ঘ হয়, যা তাহাজ্জুদের জন্য সহায়ক এবং দিনের সময় কম হওয়ায় রোজা রাখতে সহজ।" (আল-মাকাসিদুল হাসানা: ২৫০)

ইবনে রজব হাম্বলি (রহ.) বলেছেন, শীতকাল মুমিনের জন্য একটি দারুণ সুযোগ। তিনি বলেন, "শীতকাল মুমিনদের বসন্ত। এ সময়ে তারা আল্লাহর আনুগত্যের বাগানে আনন্দের সঙ্গে বিচরণ করে।" (লাতায়িফুল মাআরিফ, পৃষ্ঠা ৩২৬)

ইবাদতের সহজতর সুযোগ

১. তাহাজ্জুদের সুযোগ: শীতের রাতে দীর্ঘ সময় থাকার কারণে তাহাজ্জুদ আদায়ের সুযোগ বেশি হয়।
২. সহজ রোজা: দিনের সময় কম হওয়ায় শীতকালে রোজা রাখা সহজ এবং কষ্ট কম হয়।
৩. সওয়াব অর্জন: শীতের কষ্ট সহ্য করে ইবাদত করলে বেশি সওয়াব পাওয়া যায়।

শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোর ফজিলত

শীতকালে শীতার্ত মানুষের পাশে দাঁড়ানো ইসলামে অত্যন্ত ফজিলতপূর্ণ কাজ। রাসুলুল্লাহ (সা.) বলেছেন, "যে মুমিন অন্য বিবস্ত্র মুমিনকে কাপড় পরিয়ে দেয়, আল্লাহ তাকে জান্নাতের সবুজ কাপড় পরিয়ে দেবেন।" (তিরমিজি: ২৪৪৯)

আল্লাহর নিকট প্রার্থনা

আল্লাহ তাআলা আমাদের সবাইকে শীতের এই সময়কে ইবাদত, রোজা, এবং শীতার্ত মানুষের সেবার মাধ্যমে জান্নাত অর্জনের সুযোগ করে দিন। আমিন।

লেখক: শিক্ষার্থী, আল হাদিস অ্যান্ড ইসলামিক স্টাডিজ, ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল