
(১ বছর আগে) ১২ ডিসেম্বর ২০২৪, বৃহস্পতিবার, ৩:১৬ অপরাহ্ন
ম্যাচের পর ম্যাচে ব্যর্থতা, গোল হজমের স্রোত, আর চ্যাম্পিয়নস লিগে অনিশ্চিত ভবিষ্যৎ—সময়ের সঙ্গে লড়ছেন পেপ গার্দিওলা। ম্যানচেস্টার সিটির এই স্প্যানিশ কোচ তার দীর্ঘ কোচিং ক্যারিয়ারে এমন বাজে সময় খুব কমই দেখেছেন।
সবশেষ ১০ ম্যাচে মাত্র এক জয় এবং ৭টি হার। এই সময়ের মধ্যে হজম করেছেন ২৩ গোল। চ্যাম্পিয়নস লিগে সর্বশেষ বরুশিয়া ডর্টমুন্ডের বিপক্ষে ২-০ গোলের হার দলকে দাঁড় করিয়েছে টুর্নামেন্ট থেকে বিদায়ের শঙ্কার মুখে।
এরপরও নিজের দলের প্রতি আস্থা হারাননি গার্দিওলা। বরং দলের পারফরম্যান্সে সন্তুষ্ট তিনি। বলেন, “আমরা ভালো খেলেছি, সত্যিই ভালো খেলেছি। তবে শেষ মুহূর্তের পাস আর কাজগুলো সঠিকভাবে করতে পারিনি। ছেলেরা সবটুকু দিয়েছে। আমি তাদের নিয়ে গর্বিত। আমরাই সেরা এবং আমার দলকে আমি ভালোবাসি।”
চ্যাম্পিয়নস লিগে টিকে থাকার কাজ যে সহজ হবে না, সেটি মেনে নিয়েছেন গার্দিওলা। তার ভাষায়, “এখন যে অবস্থায় আছি, সেখান থেকে ঘুরে দাঁড়ানো কঠিন। তবে আমরা ভালো খেলেছি। আশা করি, সামনে নিজেদের অবস্থান বদলে ফেলতে পারব। ইউরোপে চ্যাম্পিয়নস লিগে লড়াই সবসময়ই কঠিন।”
এই খারাপ সময়েও স্থির থেকে পরিস্থিতি বদলানোর কথা জানালেন গার্দিওলা। বললেন, “সময় ভালো হোক বা খারাপ, আমি স্থিতিশীল থাকি। ড্রেসিং রুমও স্থিতিশীল আছে। আমরা জিতলে খুশি থাকি, হারলে খুশি থাকি না। কিন্তু আমরা দুঃখে ভেঙে পড়ব না। উন্নতি করব এবং সামনে এগিয়ে যাব।”
পরের ম্যাচের দিকে তাকিয়ে গার্দিওলা জানান, “কাল রিকভারির দিন। তারপর ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচের জন্য প্রস্তুতি শুরু করব। ভালো দিকগুলোয় ফোকাস করব এবং আরও ভালো করার চেষ্টা করব।”
গার্দিওলার ম্যানচেস্টার সিটি এর আগেও কঠিন সময় পেরিয়ে সাফল্যের শিখরে উঠেছে। এই মুহূর্তে দল ঘুরে দাঁড়াতে পারে কি না, সেটি দেখার অপেক্ষায় ফুটবল বিশ্ব।