
(১ বছর আগে) ১২ ডিসেম্বর ২০২৪, বৃহস্পতিবার, ৮:০৫ অপরাহ্ন
ঢাকা: বায়ুদূষণ নিয়ন্ত্রণে সরকার সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। এই লক্ষ্যে একটি টাস্কফোর্স গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যা আগামী বর্ষাকাল পর্যন্ত কাজ করবে। এ ছাড়া কিছু এলাকাকে ‘নো ব্রিকফিল্ড জোন’ হিসেবে ঘোষণা করার উদ্যোগ নেওয়া হচ্ছে।
বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) সচিবালয়ে স্থানীয় সরকার বিভাগের সম্মেলন কক্ষে শুষ্ক মৌসুমে ঢাকা ও আশপাশের এলাকায় বায়ুদূষণ রোধে করণীয় নিয়ে আয়োজিত আন্তঃমন্ত্রণালয় সভায় তিনি এসব কথা বলেন।
সৈয়দা রিজওয়ানা হাসান জানান, বায়ুদূষণের প্রধান উৎস চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। নির্মাণ কাজের ধুলা, ইটভাটা এবং যানবাহনের ধোঁয়া নিয়ন্ত্রণে কঠোর পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। জনসচেতনতা বৃদ্ধি, আইন বাস্তবায়ন এবং নিয়মিত মনিটরিংয়ের মাধ্যমে এই সমস্যা সমাধানের লক্ষ্যে কাজ করা হবে।
তিনি আরও বলেন, বায়ুদূষণ রাতারাতি সমাধান সম্ভব নয়। তাই জনগণকে মাস্ক ব্যবহারে উৎসাহিত করা হচ্ছে। আগামী ছয় মাসের মধ্যে পুরনো গাড়ি অপসারণ এবং রাজধানীতে খোলা ট্রাক প্রবেশে নিষেধাজ্ঞা আরোপের জন্য পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে।
নির্মাণ কাজের ধুলা নিয়ন্ত্রণে পানি ছিটানো, নির্মাণ সামগ্রী ঢেকে রাখা এবং সুরক্ষা বেষ্টনী ব্যবহারে নির্দেশনা দেওয়া হয়েছে। রাস্তা পরিষ্কারে ভ্যাকুয়াম ট্রাক ব্যবহারের পাশাপাশি দ্রুত সড়ক মেরামতের ওপর জোর দেওয়া হয়েছে। রাস্তার ধারে ঘাস লাগানো, বর্জ্য ব্যবস্থাপনা এবং বর্জ্য পোড়ানো বন্ধেও পদক্ষেপ নেওয়া হবে।
সভায় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া জানান, খাল উদ্ধার এবং উন্মুক্ত জায়গায় খেলার মাঠ তৈরির উদ্যোগ নেওয়া হবে। পরিবেশের মানোন্নয়নে সমন্বিত কার্যক্রম চালানোর ওপর তিনি গুরুত্বারোপ করেন।
সভায় স্থানীয় সরকার বিভাগের সচিব (রুটিন দায়িত্ব) সভাপতিত্ব করেন। বিভিন্ন মন্ত্রণালয়, সংস্থা এবং বিশেষজ্ঞ প্রতিনিধিরা এতে অংশ নেন।
সভায় সিদ্ধান্ত হয়, দূষণ নিয়ন্ত্রণে কার্যকর আইন প্রয়োগ এবং নিয়মিত মনিটরিং চালানো হবে। ধুলা নিয়ন্ত্রণে নিয়মিত পানি ছিটানোর পাশাপাশি অন্যান্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।