
(১ বছর আগে) ১৩ ডিসেম্বর ২০২৪, শুক্রবার, ৮:২৮ অপরাহ্ন
দ্রোহ ও প্রেমের কবি হেলাল হাফিজের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।
শুক্রবার (১৩ ডিসেম্বর) এক শোকবার্তায় ড. মুহাম্মদ ইউনূস বলেন, “কবি হেলাল হাফিজের মৃত্যু বাংলা ভাষা ও সাহিত্য অঙ্গনের জন্য একটি অপূরণীয় ক্ষতি। তিনি তারুণ্যের শক্তি এবং স্বৈরতন্ত্রের বিরুদ্ধে এক সাহসী কণ্ঠ ছিলেন। তার কালজয়ী কবিতাগুলো মানুষকে অনুপ্রাণিত করেছে এবং চিরকাল স্মরণীয় হয়ে থাকবে।”
প্রধান উপদেষ্টা কবির পরকালীন জীবনের শান্তি কামনা করে তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
শুক্রবার সকালে শাহবাগের সুপার হোম হোস্টেলে কবি হেলাল হাফিজ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৪ বছর। তার মরদেহ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) রাখা হয়েছে।
কবি হেলাল হাফিজ তার কালজয়ী কাব্যগ্রন্থ ‘যে জলে আগুন জ্বলে’ দিয়ে বাংলা কবিতায় স্থায়ী জায়গা করে নিয়েছেন। তার মৃত্যুতে বাংলা সাহিত্য অঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া।