
(১ বছর আগে) ১৪ ডিসেম্বর ২০২৪, শনিবার, ২:৫০ অপরাহ্ন
ঢাকা: শিক্ষা সবার অধিকার, এটি কোনো বাণিজ্যের পণ্য নয়—এমন মন্তব্য করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ। শনিবার (১৪ ডিসেম্বর) দুপুরে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্ট থেকে একটি পোস্টে তিনি এই মন্তব্য করেন।
পোস্টে হাসনাত আবদুল্লাহ বলেন, “হাজার টাকার আবেদন ফি, যাতায়াত ও থাকার খরচ—বর্তমান ভর্তি প্রক্রিয়া শিক্ষার্থীদের জন্য এক ভয়ানক আর্থিক চাপ। প্রতিটি শিক্ষার্থীর ভবিষ্যৎ ঝুলছে টাকার অংকে।”
তিনি আরও লেখেন, “মেধার মূল্যায়ন নয়, বৈষম্যের দেয়াল টেনে দিচ্ছে এই ব্যবস্থা। উচ্চশিক্ষা কি শুধুই ধনীদের জন্য?”
তার পোস্টে তিনি আবেদন ফি কমানোর দাবি জানিয়ে বলেন, “আবেদন ফি কমাও, গুচ্ছ পদ্ধতি চালু রাখ।”
এর আগে এক পোস্টে হাসনাত আবদুল্লাহ দেশের প্রাথমিক শিক্ষার অবহেলিত অবস্থার কথা তুলে ধরেন। তিনি লিখেন, “বাংলাদেশের শিক্ষাব্যবস্থায় প্রাথমিক শিক্ষা সবচেয়ে অবহেলিত একটি খাত। অথচ, এটি সমাজে সবচেয়ে বেশি গুরুত্ব পাওয়া উচিত।”
তিনি আরও বলেন, “বেতন কাঠামো এবং সামাজিক স্বীকৃতির দিক থেকে পিছিয়ে থাকা প্রাথমিক শিক্ষা দেশের সামগ্রিক শিক্ষা উন্নয়নের মূলভিত্তি হিসেবে কাজ করে। প্রাথমিক ও মাধ্যমিক স্তরে মানসম্মত শিক্ষা নিশ্চিত না করা গেলে উচ্চশিক্ষায় গুণগত মান অর্জন করা সম্ভব নয়।”
প্রাথমিক শিক্ষকদের দাবির বিষয়ে তিনি উল্লেখ করেন, “প্রাথমিক শিক্ষকরা দীর্ঘদিন ধরে বিদ্যমান বেতন কাঠামোর পরিবর্তন, মেধার ভিত্তিতে পদোন্নতি, এবং অন্যান্য দাবির বিষয়ে সোচ্চার ছিলেন। এ দাবিগুলো বাস্তবায়ন করা এখন সময়ের দাবি।”
হাসনাত আবদুল্লাহর এই বক্তব্য শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের মধ্যে ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে। তার পোস্টে শিক্ষার বৈষম্য নিয়ে নানা মতামত প্রকাশ করতে দেখা গেছে।