banglahour

ঘরোয়া টোটকা হিসেবে আদার গুণাগুণ: উপকারী ও সতর্কতার দিক

স্বাস্থ্য | অনলাইন ডেস্ক

(১ বছর আগে) ১৪ ডিসেম্বর ২০২৪, শনিবার, ২:৫৬ অপরাহ্ন

আদা শুধু রান্নার উপাদান নয়, এটি ঘরোয়া টোটকা হিসেবেও বহুল পরিচিত। বিভিন্ন গবেষণায় দেখা গেছে, ক্লান্তি ও বমি বমি ভাব দূর করতে আদা বেশ কার্যকর। তবে পেট সংবেদনশীল বা বুক জ্বালাপোড়া সমস্যায় ভুগছেন এমন ব্যক্তিদের আদা খাওয়ার বিষয়ে সতর্ক থাকার পরামর্শ দেন চিকিৎসকেরা।

আদার গুণাগুণ

জার্মান চিকিৎসক ইয়স্ট লাঙহর্স্ট জানান, আদার মধ্যে জিঞ্জারওল ও শ'গেওল নামের ঝাঁঝালো উপাদান, সেসকোয়াই-তারপিন তেল এবং প্রচুর ভিটামিন সি রয়েছে। এগুলো শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে। তিনি বলেন, “আমাদের ক্লিনিকে আদা প্রতিদিন নানাভাবে ব্যবহার করা হয়। এটি বদহজম, ক্ষুধা কমে যাওয়া বা বমি বমি ভাব দূর করতে চায়ের মতো ব্যবহার করা হয়। এছাড়া আদার ক্যাপসুলও পাওয়া যায়।”

ডা. লাঙহর্স্ট আরও বলেন, “আদার প্রভাব জিহবাতেই শুরু হয় এবং এটি পুরো হজম প্রক্রিয়ায় সাহায্য করে। ডুডেনামে (ছোট অন্ত্রের অংশ) হজমকারী এনজাইমকে সক্রিয় করে এটি খাবার ভেঙে দেয়, ফলে বমি বমি ভাব কমে যায়।”

রোগ প্রতিরোধে আদার ভূমিকা

জার্মানির মিউনিখের লাইবনিৎস ইনস্টিটিউট ফর ফুড সিস্টেমস বায়োলজির ডা. গাবি অ্যান্ডারসন গবেষণায় দেখেছেন, আদার ঝাঁঝালো উপাদান শ্বেত রক্তকণিকাকে সক্রিয় রাখে এবং ব্যাকটেরিয়া সংক্রমণের বিরুদ্ধে লড়াইয়ে সহায়তা করে।

তিনি বলেন, “রক্তকণিকায় থাকা রিসেপ্টরগুলো আদার উপাদান দ্বারা সক্রিয় হয়ে রোগ প্রতিরোধক কোষগুলিকে আরও শক্তিশালী করে তোলে। এটি ব্যাকটেরিয়া সংক্রমণ প্রতিরোধেও সাহায্য করে।”

নিরাপদ ব্যবহার ও সতর্কতা

গবেষণায় দেখা গেছে, দিনে ৫০ গ্রাম আদা বা ৫ গ্রাম আদার গুঁড়ো নিরাপদ। তবে আদার ঝাঁঝালো প্রকৃতির কারণে জুস বা খাবারে মেশানোর সময় সতর্ক থাকতে হবে।

পুষ্টিবিদ এফা-মারিয়া ডিলিৎস বলেন, “আদার উল্লেখযোগ্য কোনো পার্শ্বপ্রতিক্রিয়া নেই। তবে যাদের পেট সংবেদনশীল এবং বুক জ্বালাপোড়া সমস্যা রয়েছে, তাদের এটি এড়িয়ে চলা উচিত।”

চিকিৎসক লাঙহর্স্ট গর্ভবতী নারীদের জন্য আদা ব্যবহারের বিষয়ে সতর্ক করে বলেন, “গর্ভাবস্থায় শুধুমাত্র চায়ের সঙ্গে অল্প পরিমাণে আদা মেশানো উচিত। অতিরিক্ত আদা খাওয়া ঝুঁকিপূর্ণ হতে পারে।”

আদার নানা উপকারী দিক থাকলেও এর পরিমাণ ও পদ্ধতি সম্পর্কে সচেতন হওয়া প্রয়োজন। চিকিৎসকের পরামর্শ মেনে আদা ব্যবহার করলে এটি শরীরের জন্য উপকারী হতে পারে।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল