
(১ বছর আগে) ১৫ ডিসেম্বর ২০২৪, রবিবার, ১২:৫৩ অপরাহ্ন
পূর্ব তিমুরের প্রেসিডেন্ট জোসে রামোস হোর্তা চার দিনের সফরে ঢাকায় এসেছেন। শনিবার রাত সাড়ে ১০টার পর সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইটে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান।
প্রেসিডেন্ট হোর্তাকে বিমানবন্দরে স্বাগত জানান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এ সময় তাকে লাল গালিচা সংবর্ধনা দেওয়া হয়।
জোসে রামোস হোর্তার সফরকাল ১৪ থেকে ১৭ ডিসেম্বর। তার এই সফরে বাংলাদেশ ও পূর্ব তিমুরের মধ্যে অফিসিয়াল ও কূটনৈতিক পাসপোর্টধারীদের জন্য ভিসা অব্যাহতি চুক্তি সই হবে। এছাড়া ঢাকায় পূর্ব তিমুরের অনারারি কনস্যুলেট খোলার ঘোষণা দেওয়ার কথাও রয়েছে।
১৯৭১ সালে বাংলাদেশের ঐতিহাসিক বিজয় উপলক্ষে ৫৪তম বিজয় দিবস উদযাপন অনুষ্ঠানে অংশ নেবেন তিনি। এছাড়া বাংলাদেশি ছাত্র ও তরুণ নেতাদের সঙ্গে মতবিনিময় করবেন প্রেসিডেন্ট হোর্তা।
জোসে রামোস হোর্তার এই সফর দুই দেশের সম্পর্কের নতুন মাত্রা যোগ করবে বলে আশা করা হচ্ছে।