banglahour

বঙ্গবন্ধু সাফারি পার্কে বিরল প্রজাতির নীলগাই হস্তান্তর করলো বিজিবি

জাতীয় | নিজস্ব প্রতিবেদক

(৩ বছর আগে) ৫ জানুয়ারি ২০২৩, বৃহস্পতিবার, ২:৫৭ অপরাহ্ন

বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে বিরল প্রজাতির একটি নীলগাই হস্তান্তর করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

আজ বৃহস্পতিবার ০৫ জানুয়ারি সকালে বিজিবি’র ঢাকা সেক্টরের সেক্টর কমান্ডার কর্নেল আবু মোহাম্মদ মহিউদ্দিন বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক, গাজীপুরে বন অধিদপ্তরের অধীনস্থ বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের পরিচালক মোঃ ছানাউল্যা পাটওয়ারী এর নিকট নীলগাইটি হস্তান্তর করেন। এসময় বিজিবি’র পরিচালক (ভেটেরিনারি) আ.ন.ম. আশরাফুল আলম মন্ডলসহ বিজিবি’র অন্যান্য কর্মকর্তাবৃন্দ এবং বন অধিদপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

গত ২৬ অক্টোবর ২০২২ তারিখে বিজিবি’র রহনপুর ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) এর সোনামসজিদ বিওপি’র টহলদল চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার দাইপুকুর ইউনিয়নের সীমান্তবর্তী হাউসনগর এলাকা থেকে আহত অবস্থায় বর্ণিত নীলগাইটিকে উদ্ধার করে। এলাকাবাসীর ধাওয়া খেয়ে বিভিন্ন জায়গায় ছোটাছুটি করার কারণে নীলগাইটির শরীরে মারাত্মক জখম হয় এবং দীর্ঘক্ষণ না খেয়ে থাকায় অত্যন্ত দুর্বল ও মৃতপ্রায় হয়ে পড়ে। পরবর্তীতে সংবেদনশীল ও বিরল প্রজাতির এই প্রাণীটিকে উদ্ধার করে বিজিবি’র তত্বাবধানে দীর্ঘ ০২ মাস ০৮ দিন ধরে নিজস্ব ভেটেরিনারি ডাক্তার কর্তৃক সুচিকিৎসা প্রদান, প্রয়োজনীয় খাবার ও বাসস্থানের ব্যবস্থা করে অত্যন্ত নিবিড় পরিচর্যার মাধ্যমে সম্পূর্ণরূপে সুস্থ্য ও সুঠাম দেহের অধিকারী করে তোলা হয়। বিরল প্রজাতির এই প্রাণীটিকে জাতীয়ভাবে সংরক্ষণের জন্য আজ বঙ্গবন্ধু সাফারি পার্কে হস্তান্তর করা হলো।

উল্লেখ্য, ইতোপূর্বে গত ২৩ ফেব্রুয়ারি ২০২১ তারিখে ঠাকুরগাঁওয়ের কান্তিভিটা এলাকায় স্থানীয়দের নির্মমতার শিকার মৃত প্রায় একটি পুরুষ নীলগাই উদ্ধার করে বিজিবি সদস্যগণ বিওপিতে নিয়ে আসে এবং সুদীর্ঘ চিকিৎসা ও নিবিড় পরিচর্যার মাধ্যমে বিরল এ প্রাণীটিকে সম্পূর্ণ সুস্থ্য করে তোলে। এছাড়া গত ০৬ জানুয়ারি ২০২২ তারিখে দিনাজপুর ব্যাটালিয়নের বৈরচূনা বিওপি’র টহলদল আহত অবস্থায় আরও একটি নীলগাই উদ্ধার করে চিকিৎসা প্রদান ও নিবিড় পরিচর্যার মাধ্যমে সেটিকেও সুস্থ্য করে তোলে। পরবর্তীতে নীলগাই দু’টিকে ঢাকায় এনে পিলখানাস্থ অভয়ারণ্যে গাছের সুশীতল ছায়াতলে সবুজ প্রকৃতির মাঝে আশ্রয় প্রদান করা হয়েছে।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল