banglahour

ইজতেমা মাঠ ছাড়ার সিদ্ধান্ত নিল সাদপন্থিরা

জাতীয় | অনলাইন ডেস্ক

(১ বছর আগে) ১৮ ডিসেম্বর ২০২৪, বুধবার, ২:১৭ অপরাহ্ন

গাজীপুরের টঙ্গীর বিশ্ব ইজতেমা মাঠ থেকে সরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে সাদপন্থিরা। বুধবার সচিবালয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকের পর এই সিদ্ধান্তের কথা জানান সাদপন্থিদের প্রতিনিধি রেজা আরিফ।

বৈঠক শেষে সাংবাদিকদের রেজা আরিফ বলেন, “সরকারের অনুরোধে আমরা মাঠ ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি, যাতে কোনো সংঘাত বা সমস্যা না হয়। আমাদের সাথী ভাইদের অনুরোধ করছি, সবাই শান্তিপূর্ণভাবে মাঠ ছেড়ে চলে যাবেন। আমরা কামারপাড়া দিয়ে বের হয়ে পশ্চিম পাশের মারকাজের কাছে চলে যাব। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আমাদের সহযোগিতা করবেন।”

বৈঠকে সিদ্ধান্ত হয়, ইজতেমা মাঠ আপাতত সরকারের নিয়ন্ত্রণে থাকবে এবং কোনো পক্ষকে সেখানে অবস্থান করতে দেওয়া হবে না।

মঙ্গলবার (১৭ ডিসেম্বর) মধ্যরাতে ইজতেমা মাঠ নিয়ে মাওলানা সাদ ও জুবায়েরপন্থিদের মধ্যে সংঘর্ষ হয়। এতে ৩ জন নিহত এবং প্রায় শতাধিক মুসল্লি আহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে টঙ্গীতে ৪ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।

বুধবার অনুষ্ঠিত বৈঠকে স্বরাষ্ট্র উপদেষ্টা ছাড়াও ভূমি উপদেষ্টা এ এফ হাসান আরিফ, গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান, তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. নাহিদ ইসলাম, এবং ধর্ম বিষয়ক উপদেষ্টা আ ক ম খালিদ হোসেন উপস্থিত ছিলেন।

সরকারি কর্মকর্তারা জানিয়েছেন, পরিস্থিতি স্বাভাবিক করতে এবং উভয় পক্ষের মধ্যে শান্তি প্রতিষ্ঠায় সর্বাত্মক চেষ্টা করা হচ্ছে।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল