banglahour

চাঁদের বয়স নিয়ে গবেষণায় উঠে এসেছে চমকপ্রদ তথ্য

অন্যান্য | অনলাইন ডেস্ক

(১ বছর আগে) ২৪ ডিসেম্বর ২০২৪, মঙ্গলবার, ৯:৫৩ পূর্বাহ্ন

চাঁদের বয়স নিয়ে নতুন গবেষণায় উঠে এসেছে চমকপ্রদ তথ্য। সাম্প্রতিক এক গবেষণায় বলা হয়েছে, চাঁদের বয়স আগের ধারণার চেয়ে অন্তত ১৬ কোটি বছর বেশি হতে পারে। ‘নেচার’ জার্নালে প্রকাশিত গবেষণাটি পরিচালনা করেছেন ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া সান্তা ক্রুজের অধ্যাপক ফ্রান্সিস নিম্মো এবং তার দল।

গবেষকরা চাঁদের তাপীয় মডেল, জ্বালামুখ এবং খনিজ পদার্থ বিশ্লেষণ করে ধারণা করছেন, চাঁদের বয়স হতে পারে প্রায় ৪৫১ কোটি বছর। এর আগে চাঁদের বয়স প্রায় ৪৩৫ কোটি বছর বলে ধারণা করা হয়েছিল। গবেষণায় উঠে এসেছে, চাঁদের পৃষ্ঠ একাধিকবার উত্তপ্ত হয়ে গলে গিয়েছিল, যা এর পুরোনো বৈশিষ্ট্যগুলো ঢেকে দিয়েছে।

ধারণা করা হয়, মঙ্গল আকারের একটি গ্রহের সঙ্গে পৃথিবীর সংঘর্ষে চাঁদের জন্ম হয়েছিল। সংঘর্ষের পর চাঁদের পৃষ্ঠ ম্যাগমা মহাসাগরে পরিণত হয়, যা পরে স্ফটিক আকারে পাথরে রূপান্তরিত হয়। কিন্তু গবেষকদের মতে, গরম ও ঠান্ডার পর্যায়ে চাঁদের পৃষ্ঠ বারবার পরিবর্তিত হয়েছে, যার ফলে চাঁদের শিলার নমুনাগুলো আরও পুরোনো সময়ের হতে পারে।

এছাড়া, ৪০০ কোটি বছর আগে গ্রহাণুর সংঘর্ষের পরও চাঁদের পৃষ্ঠে কম সংখ্যক গর্ত থাকার কারণ গবেষকরা চিহ্নিত করেছেন। তাদের মতে, চাঁদ উত্তপ্ত হয়ে ওঠার ফলে এ গর্তগুলো মুছে যেতে পারে।

বর্তমানে চাঁদের প্রতি বিশ্বের বিভিন্ন দেশের আগ্রহ ক্রমশ বাড়ছে। চাঁদের দক্ষিণ মেরুতে পানি থাকার সম্ভাবনা কেন্দ্রে রেখে প্রতিযোগিতা করছে বিভিন্ন মহাকাশ গবেষণা সংস্থা। নাসা চাঁদের দক্ষিণ মেরুতে ঘাঁটি নির্মাণের পরিকল্পনা করেছে, যা মানুষকে মঙ্গল গ্রহে পৌঁছাতে সহায়তা করবে।

চাঁদের বয়স নিয়ে নতুন এ গবেষণা মহাকাশ গবেষণায় নতুন দৃষ্টিভঙ্গি তৈরি করবে বলে আশা করা হচ্ছে।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল