
(১ বছর আগে) ২৪ ডিসেম্বর ২০২৪, মঙ্গলবার, ৬:২৫ অপরাহ্ন
ঢাকা: বিসিএস পরীক্ষার প্রশ্নফাঁসের ঘটনায় দায়ের হওয়া মামলায় সরকারি কর্ম কমিশনের (পিএসসি) বিজ্ঞান শাখার অফিস সহকারী মো. আব্দুল আজিম এবং পরিচ্ছন্নতাকর্মী রুপন চন্দ্র দাসের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
মঙ্গলবার (২৪ ডিসেম্বর) ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জিয়াদুর রহমানের আদালত তাদের রিমান্ডের আবেদন শুনানি শেষে এই আদেশ দেন।
আসামিদের এদিন কারাগার থেকে আদালতে হাজির করা হয়। শুনানিতে আসামিপক্ষ রিমান্ড বাতিল ও জামিন চেয়ে আবেদন করলেও রাষ্ট্রপক্ষ এর বিরোধিতা করে। উভয় পক্ষের শুনানি শেষে আদালত রিমান্ড মঞ্জুর এবং জামিন আবেদন নামঞ্জুর করেন।
এর আগে, গত ১৭ ডিসেম্বর রাজধানীর আগারগাঁওয়ের পিএসসি কার্যালয়ের সামনে থেকে আব্দুল আজিম ও রুপন চন্দ্র দাসকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের সময় তাদের কাছ থেকে দুটি মোবাইল ফোন, পিএসসির বিভিন্ন পরীক্ষার প্রশ্নপত্র, পরীক্ষার্থীদের প্রবেশপত্র, বিভিন্ন ব্যাংকের চেক এবং নগদ টাকা উদ্ধার করা হয়।
মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির সহকারী পুলিশ সুপার সুমন কুমার সাহা গ্রেফতারদের ১০ দিনের রিমান্ড আবেদন করেন। তবে আদালত তাদের কারাগারে পাঠানোর পাশাপাশি রিমান্ড শুনানির জন্য ২৪ ডিসেম্বর দিন ধার্য করেছিলেন।
বিসিএস প্রশ্নফাঁসের অভিযোগে গত ৮ জুলাই পল্টন থানায় সিআইডির উপপরিদর্শক নিপ্পন চন্দ্র চন্দ বাদী হয়ে মামলা করেন। মামলায় ৩১ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৫০-৬০ জনকে আসামি করা হয়। মামলার পর এখন পর্যন্ত পিএসসির চেয়ারম্যানের সাবেক গাড়িচালক সৈয়দ আবেদ আলীসহ ২২ জনকে গ্রেফতার করা হয়েছে।
প্রশ্নফাঁসের মতো অপরাধ বন্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছেন তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তারা।