banglahour

বরিশালে শিক্ষা প্রকৌশলী অধিদপ্তরের দুই ট্রাক নথিপত্র আটক

সারাদেশ | অনলাইন ডেস্ক

(১ বছর আগে) ২৭ ডিসেম্বর ২০২৪, শুক্রবার, ১০:৫৩ অপরাহ্ন

বরিশালের সদর উপজেলার চরবাড়িয়া ইউনিয়নের কাগাশুরা গ্রামে দুই ট্রাক ভর্তি নথিপত্র আটকের ঘটনা ঘটেছে। শুক্রবার সন্ধ্যায় এলাকাবাসী সন্দেহজনক কার্যকলাপ লক্ষ্য করে ট্রাক দুটি আটক করে।

স্থানীয়রা জানান, দুটি ট্রাক কাগজপত্রসহ গ্রামে প্রবেশ করলে তাদের কাছে নথিপত্রের বিষয়ে জানতে চাওয়া হয়। কোনো সদুত্তর না পাওয়ায় সন্দেহ বাড়ে। কাগাশুরা গ্রামের বাসিন্দা আব্দুর রহমান বলেন, “তাদের আচরণে সন্দেহ হলে গ্রামবাসী ট্রাক দুটি আটক করে।” পরে থানা পুলিশ ও শিক্ষা প্রকৌশলী অধিদপ্তরের কর্মকর্তাদের খবর দেওয়া হয়।

ঘটনাস্থলে উপস্থিত বরিশাল শিক্ষা প্রকৌশলী অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী শহিদুল ইসলাম জানান, “প্রায় এক যুগের পুরাতন নথিপত্র পুড়িয়ে ফেলার জন্য দুটি ট্রাক ময়লা নিয়ে যাওয়ার কথা ছিল। তবে ভুল করে ড্রাইভার কাগাশুরা গ্রামে ঢুকে যায়। এতে ভুল বোঝাবুঝি হয়েছে।”

এ বিষয়ে জানতে চাইলে নথিপত্র পুড়িয়ে ফেলার নিয়ম মানা হয়েছে কিনা, শহিদুল ইসলাম কোনো সঠিক উত্তর দিতে পারেননি। তিনি জানান, মৌখিকভাবে নথি পুড়িয়ে ফেলার নির্দেশ দিয়েছিলেন।

কাউনিয়া থানার ওসি নুর আলম বলেন, “গ্রামবাসীর হাতে আটক দুটি ট্রাকের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। শিক্ষা প্রকৌশলী অধিদপ্তরের কর্মকর্তারা লিখিতভাবে কাগজপত্র বুঝে নিয়ে গেছেন।”

তবে এই ঘটনার পেছনে অন্য কোনো উদ্দেশ্য ছিল কিনা তা নিয়ে তদন্তের দাবি তুলেছেন এলাকাবাসী।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল