
(১ বছর আগে) ২৮ ডিসেম্বর ২০২৪, শনিবার, ১২:১৮ অপরাহ্ন
সচিবালয়ে প্রবেশের জন্য অ্যাক্রেডিটেশন কার্ড স্থগিত করা হয়েছে সাময়িকভাবে। প্রধান উপদেষ্টার সিনিয়র অ্যাসিসট্যান্ট প্রেস সেক্রেটারি আহম্মদ ফয়েজ জানিয়েছেন, ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীদের হাতে শত শত অ্যাক্রেডিটেশন কার্ড থাকার কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে পেশাদার সাংবাদিকদের উদ্বিগ্ন না হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।
শনিবার ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি বলেন, “প্রিয় পেশাদার সাংবাদিক বন্ধুরা, উদ্বিগ্ন হবেন না। আপনাদের কাছে যে অ্যাক্রিডিটেশন কার্ডটি আছে, সেরকম বহু কার্ড ছাত্রলীগ-যুবলীগ-আওয়ামী লীগের নেতাকর্মীদের হাতে রয়েছে। পতিত আওয়ামী লীগ ভুয়া নিউজ পোর্টাল বা পত্রিকার নামে তাদের নেতাকর্মীদের জন্য অসংখ্য কার্ড ইস্যু করেছে, যা যাচাই করা অত্যন্ত দুরূহ কাজ।”
তিনি আরও উল্লেখ করেন, “সাম্প্রতিক সচিবালয় অগ্নিকাণ্ডের ঘটনায় দ্রুত পদক্ষেপ নেওয়া ছাড়া বিকল্প ছিল না। তবে খুব শিগগিরই পেশাদার সাংবাদিকরা তাদের প্রতিষ্ঠানের চাহিদা অনুযায়ী নতুন কার্ড পাবেন। এর মধ্যে সাংবাদিকতা থেমে থাকবে না। সাংবাদিকরা সংশ্লিষ্ট মন্ত্রণালয় থেকে সাময়িক পাস নিয়ে সচিবালয়ে প্রবেশ করতে পারবেন।”
এ সিদ্ধান্তের ফলে সচিবালয়ে প্রবেশের ক্ষেত্রে সাময়িক অসুবিধা তৈরি হলেও পেশাদার সাংবাদিকদের কাজ চালিয়ে যাওয়ার বিষয়ে আশ্বাস দিয়েছেন আহম্মদ ফয়েজ।