banglahour

৩০ ডিসেম্বর মাঠে গড়াচ্ছে বিপিএলের ১১তম আসর, তরুণদের নিয়ে দুর্বার রাজশাহীর আত্মপ্রকাশ

খেলা | অনলাইন ডেস্ক

(১ বছর আগে) ২৮ ডিসেম্বর ২০২৪, শনিবার, ১২:২০ অপরাহ্ন

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ১১তম আসর শুরু হতে যাচ্ছে আগামী ৩০ ডিসেম্বর। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল ও নবাগত দুর্বার রাজশাহী। প্রথমবারের মতো বিপিএলে অংশগ্রহণকারী রাজশাহী দলটি তরুণ ক্রিকেটারদের ওপর ভরসা রেখে দল গঠন করেছে। সাফল্যের জন্য তারা নির্ভর করছে দুই অভিজ্ঞ পাকিস্তানি কোচের দক্ষতার ওপর।

দলটির প্রধান কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন পাকিস্তানের সাবেক ক্রিকেটার এজাজ আহমেদ। পাকিস্তানের হয়ে ৬০টি টেস্ট ও ২৫০টি ওয়ানডে খেলা এজাজ কোচিং ক্যারিয়ারে বেশ সুনাম অর্জন করেছেন। এবার তরুণদের দক্ষতা বাড়িয়ে সেরাটা বের করে আনতে তিনি রাজশাহীর দায়িত্ব নিয়েছেন।

সহকারী কোচ হিসেবে কাজ করবেন আরেক সাবেক পাকিস্তানি ক্রিকেটার রাও ইফতিখার আনজুম। তার নিয়োগও নিশ্চিত করেছে ফ্র্যাঞ্চাইজিটি। এর আগে পাকিস্তান ক্রিকেট বোর্ডে (পিসিবি) বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন ইফতিখার। তিনি তৎকালীন প্রধান নির্বাচক ওয়াহাব রিয়াজের পরামর্শে নির্বাচক প্যানেলে এবং পিসিবির হাই পারফরম্যান্স দলের কোচ হিসেবেও কাজ করেছেন।

ইফতিখার পাকিস্তান জাতীয় দলের হয়ে ৬২টি ওয়ানডে, দুটি টি-টোয়েন্টি এবং একটি টেস্ট খেলেছেন। বল হাতে ৭৮টি উইকেট শিকার করেছেন তিনি। কোচিং ক্যারিয়ারে তার অভিজ্ঞতা রাজশাহী দলের জন্য ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

বিপিএলের এ আসরে দুর্বার রাজশাহীর তরুণদের পারফরম্যান্স এবং দুই অভিজ্ঞ পাকিস্তানি কোচের নেতৃত্বে দলটি কেমন করে, তা দেখার অপেক্ষায় ক্রিকেটপ্রেমীরা।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল