
(১ বছর আগে) ১ জানুয়ারি ২০২৫, বুধবার, ৫:৩২ অপরাহ্ন
রাজধানীতে এক সংবাদ সম্মেলনে জুলাই শহিদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সারজিস আলম জানিয়েছেন, জুলাই বিপ্লবে নিহত ও আহতদের সহযোগিতা পেতে হলে হাসপাতালের চিকিৎসাপত্রের চিকিৎসকদের সত্যায়িত কপির প্রয়োজন হবে। বুধবার এই সংবাদ সম্মেলনে তিনি স্বচ্ছতার ওপর জোর দিয়ে বলেন, জালিয়াতি রোধে এই শর্ত আরোপ করা হয়েছে।
সারজিস আলম বলেন, "বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে আহত ও নিহতদের সহযোগিতা দিতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। তবে স্বচ্ছতা বজায় রাখতে চিকিৎসাপত্রের সত্যায়িত কপি আবশ্যক। কারণ, অতীতে জালিয়াতির মাধ্যমে সুবিধা নেওয়ার চেষ্টা হয়েছে। আন্দোলনে সম্পৃক্ত না থাকা ব্যক্তিরাও এই সুবিধা নিতে এসেছেন বলে অভিযোগ রয়েছে।"
সারজিস জানান, চলতি জানুয়ারি মাসে শহিদ পরিবারগুলোকে বড় অংকের আর্থিক সহযোগিতা প্রদান করা হবে। সরকারি তথ্যমতে, জুলাই বিপ্লবে শহিদের সংখ্যা ৮২৬ জন, যার মধ্যে ৬২৮ জন শহিদ পরিবারকে সহযোগিতা দেওয়া হয়েছে। বাকি ১৯৮ জন শহিদ পরিবারের জন্য সহায়তার প্রক্রিয়া চলছে।
ফাউন্ডেশনের আর্থিক তথ্য জানিয়ে সারজিস বলেন, "আমাদের তহবিলে বর্তমানে ১০৯ কোটি ২০ লাখ ২৩ হাজার টাকা জমা রয়েছে। এর মধ্যে প্রায় ৪৭ কোটি ৩২ লাখ টাকা ইতোমধ্যে বিতরণ করা হয়েছে। এখনো ৬১ কোটি টাকার বেশি তহবিলে আছে। আহতদের মধ্যে ১১ হাজার ৩০৬ জনের তালিকা থেকে এক হাজার ৬০১ জনকে সহযোগিতা দেওয়া হয়েছে।"
সারজিস আলম আরও জানান, আহতদের তালিকা সংগ্রহের জন্য সরকারকে অনুরোধ জানানো হয়েছিল, এবং সেই তালিকা ফাউন্ডেশনের হাতে এসেছে। তিনি বলেন, "আমরা শহিদ পরিবার এবং আহতদের পাশে দাঁড়ানোর জন্য সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছি।"
শহিদ পরিবার ও আহতদের মধ্যে বাকি ব্যক্তিদের সহযোগিতার কাজ দ্রুত শেষ করার আশ্বাস দিয়ে সারজিস আলম বলেন, ফাউন্ডেশন পুরো প্রক্রিয়াটি সর্বোচ্চ স্বচ্ছতা নিশ্চিত করে পরিচালনা করছে।