
(১ বছর আগে) ২ জানুয়ারি ২০২৫, বৃহস্পতিবার, ১:৪৪ অপরাহ্ন
ঢাকা: জুলাই-আগস্টের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের গৌরবোজ্জ্বল ইতিহাস সংরক্ষণ এবং হতাহত ব্যক্তিদের তথ্য চূড়ান্তকরণের জন্য মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশে স্বাস্থ্য সেবা বিভাগের আওতায় একটি বিশেষ সেল গঠন করা হয়েছে। বুধবার এ সংক্রান্ত এক গণবিজ্ঞপ্তিতে জনগণের কাছ থেকে গণঅভ্যুত্থানকালীন বিভিন্ন তথ্যাদি সংগ্রহের আহ্বান জানানো হয়েছে।
বিজ্ঞপ্তি অনুসারে, ১৬ জুলাই থেকে ৫ আগস্ট ২০২৪ পর্যন্ত সংঘটিত গণঅভ্যুত্থানের স্থিরচিত্র, ভিডিও ফুটেজ, ডকুমেন্টারি এবং অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্যাদি আগামী ১৫ ফেব্রুয়ারি ২০২৫ এর মধ্যে জমা দিতে হবে। এ তথ্যাদি মেইলে (muspecialcell36@gmail.com) গুগল ড্রাইভ লিঙ্কের মাধ্যমে আপলোড করা যাবে। এছাড়া, পেনড্রাইভে সংরক্ষিত তথ্যাদি সরাসরি অথবা ডাকযোগে ঢাকার হোটেল ইন্টারকন্টিনেন্টালের বিএসএল অফিস কমপ্লেক্সে (ভবন নং-২, ২য় তলা) জমা দেওয়া যাবে।
গণঅভ্যুত্থানের প্রেক্ষাপট
২০২৪ সালের জুলাইয়ের শেষ দিকে কোটা সংস্কারের দাবিতে শুরু হওয়া ছাত্র আন্দোলন বৈষম্যবিরোধী এক দফা আন্দোলনে রূপ নেয়। আন্দোলনের তীব্রতায় ৫ আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে পালিয়ে যান। এ সময় সরকারের কঠোর দমনপীড়নে ব্যাপক হতাহতের ঘটনা ঘটে।
গণঅভ্যুত্থানের পর অন্তর্বর্তীকালীন সরকার হতাহতের তথ্য সংগ্রহ এবং তাদের পরিবারের পাশে দাঁড়ানোর উদ্যোগ নেয়। স্বাস্থ্য অধিদপ্তরের ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম (এমআইএস) হতাহতদের তথ্য সংরক্ষণের কাজ শুরু করেছে।
তথ্য সংগ্রহের উদ্দেশ্য
গণঅভ্যুত্থান সংক্রান্ত বিশেষ সেলটি জনগণের কাছ থেকে সংগ্রহিত তথ্যের মাধ্যমে ইতিহাস সংরক্ষণ, শহিদ ও আহতদের পূর্ণাঙ্গ তালিকা প্রস্তুত এবং তাদের পরিবারের জন্য সহায়তা নিশ্চিত করবে।
এ বিষয়ে বিস্তারিত তথ্য পেতে মন্ত্রিপরিষদ বিভাগের সংশ্লিষ্ট কার্যালয়ে যোগাযোগের অনুরোধ করা হয়েছে।