
(১ বছর আগে) ২ জানুয়ারি ২০২৫, বৃহস্পতিবার, ৯:০৭ অপরাহ্ন
ঢাকা, ২ জানুয়ারি: সরকারি দপ্তরে তদবির বন্ধে সচিবদের উদ্দেশ্যে একটি বিশেষ আধা-সরকারি পত্র পাঠিয়েছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. নাহিদ ইসলাম। পত্রে তিনি তদবিরের মাধ্যমে ব্যক্তিস্বার্থ উদ্ধারের চেষ্টার বিরুদ্ধে কঠোর অবস্থান জানান দিয়েছেন।
পত্রে উপদেষ্টা উল্লেখ করেন, "সম্প্রতি কিছু অসাধু ব্যক্তি আমার আত্মীয় পরিচয় বা নাম ব্যবহার করে বিভিন্ন দপ্তরে তদবির করছেন। এটি সম্পূর্ণ অনৈতিক এবং এতে আমার সুনাম ক্ষুণ্ণ হচ্ছে।"
এছাড়া পত্রে আরও উল্লেখ করা হয়েছে যে, উপদেষ্টার স্বাক্ষর জাল করে বিভিন্ন দপ্তরে সুপারিশপত্র দাখিলের বিষয়টি তার নজরে এসেছে। এ ধরনের কর্মকাণ্ড বিবেচনায় না নেওয়ার জন্য সংশ্লিষ্ট দপ্তরগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে।
তদবিরের যেকোনো প্রচেষ্টা বা উপদেষ্টার স্বাক্ষর জাল করার ঘটনা তাৎক্ষণিকভাবে উপদেষ্টার একান্ত সচিব (উপসচিব) র. হ. ম. আলাওল কবির-কে অবহিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে।
পত্রে আরও বলা হয়, "জনগণের আশা-আকাঙ্ক্ষার বাস্তবায়নে অন্তর্বর্তীকালীন সরকার আন্তরিকতার সঙ্গে কাজ করছে। রাষ্ট্র সংস্কারের বৃহৎ কার্যক্রম বাস্তবায়নে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সহযোগিতা একান্ত প্রয়োজন।"
এ নির্দেশনার মাধ্যমে সরকারি দপ্তরগুলোতে তদবিরের মাধ্যমে ব্যক্তিস্বার্থ চরিতার্থ করার সুযোগ রোধে কড়া বার্তা দেওয়া হলো বলে ধারণা করা হচ্ছে।