banglahour

বশেমুরকৃবি’তে শ্রমিকদের মাঝে শীতবস্ত্র বিতরণ, মানবিক উদ্যোগে প্রশংসিত শুভসংঘ

সারাদেশ | অনলাইন ডেস্ক

(১ বছর আগে) ২ জানুয়ারি ২০২৫, বৃহস্পতিবার, ৯:১৩ অপরাহ্ন

গাজীপুর, ২ জানুয়ারি: ‘শুভ কাজে সবার পাশে’—এই স্লোগানকে ধারণ করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরকৃবি) দৈনিক মজুরি ভিত্তিক শ্রমিকদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে শুভসংঘ।

বুধবার (১ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের নতুন কৃষি অনুষদ ভবনের নিচ তলায় এই শীতবস্ত্র বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমান। তিনি উপস্থিত শ্রমিকদের হাতে শীতবস্ত্র তুলে দেন এবং ভবিষ্যতে মানবিক সহায়তায় সহযোগিতা প্রদানের আশ্বাস দেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. মো. সফিউল ইসলাম আফ্রাদ, পরিকল্পনা ও উন্নয়ন পরিচালক প্রফেসর ড. মো. গোলাম রসুল, ছাত্র কল্যাণ পরিচালক এবং শুভসংঘ বশেমুরকৃবি শাখার সভাপতি প্রফেসর ড. মো. সাইফুল আলম, বহিরাঙ্গন কার্যক্রম পরিচালক প্রফেসর ড. ফারহানা ইয়াসমিন, যানবাহন পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ জিয়াউদ্দিন কামাল, এবং শুভসংঘ বশেমুরকৃবি শাখার সদস্যরা।

শুভসংঘের সহ-সভাপতি মাহ্বুব হাসান জানান, সংগঠনটি শুধুমাত্র শীতবস্ত্র বিতরণেই সীমাবদ্ধ নয়। এতিমখানা, বৃদ্ধাশ্রম, দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের সহায়তা, ঈদ সামগ্রী বিতরণ, বৃক্ষরোপণসহ নানাবিধ মানবিক ও সামাজিক কার্যক্রমে সক্রিয় ভূমিকা পালন করছে।

উপাচার্য প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমান বলেন, ‘মানুষ মানুষের পাশে দাঁড়াবে, এটাই মনুষ্যত্বের পরিচায়ক। আমাদের শিক্ষার্থীরা শীতার্তদের জন্য এই কার্যক্রম পরিচালনা করে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে।’

শীতবস্ত্র পেয়ে শ্রমিকরা বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং শুভসংঘের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। শুভসংঘ, বশেমুরকৃবি শাখা, ২০১৯ সালে প্রতিষ্ঠার পর থেকেই বিভিন্ন মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে।

শিক্ষার্থীদের এমন উদ্যোগ প্রশংসিত হয়েছে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসজুড়ে।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল