
(১ বছর আগে) ৩ জানুয়ারি ২০২৫, শুক্রবার, ১২:০৫ অপরাহ্ন
আজিমপুর কবরস্থানে চাঁদাবাজি ও দখলদারিত্বের অভিযোগে বিএনপির ঢাকা মহানগর দক্ষিণের লালবাগ থানাধীন ২৩ নম্বর ওয়ার্ড সভাপতি আমিনুল ইসলাম আমিনকে দলের সব পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল আলম মজনু এবং সদস্য সচিব তানভীর আহমেদ রবিনের নির্দেশে এই সিদ্ধান্ত কার্যকর করা হয়।
বৃহস্পতিবার (৪ জানুয়ারি) এক প্রেস বিজ্ঞপ্তিতে বিএনপির যুগ্ম আহ্বায়ক ও দপ্তরের দায়িত্বে থাকা সাইদুর রহমান মিন্টু বিষয়টি নিশ্চিত করেছেন।
দলের পক্ষ থেকে জানানো হয়েছে, আমিনুল ইসলাম আমিনের বিরুদ্ধে ওঠা অভিযোগের প্রাথমিক তদন্ত চলছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে বহিষ্কার রাখা হবে। একই সঙ্গে দলের নেতাকর্মীদের তার সঙ্গে রাজনৈতিক ও সাংগঠনিক যোগাযোগ থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
বিএনপি সূত্রে জানা গেছে, চাঁদাবাজি ও দখলদারিত্বের মতো কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগ দলীয় শৃঙ্খলার পরিপন্থী। এই বহিষ্কারের মাধ্যমে দল শৃঙ্খলা বজায় রাখার বার্তা দিচ্ছে।