
(১ বছর আগে) ৫ জানুয়ারি ২০২৫, রবিবার, ২:২০ অপরাহ্ন
চাঁদপুরের মতলব উপজেলার বিস্তীর্ণ মাঠ জুড়ে এবার সরিষা ফুলের সোনালী সমারোহ চোখে পড়ে। হিমেল হাওয়ায় সরিষা ফুলের দোলা সৃষ্টি করছে এক নতুন সৌন্দর্য। কৃষক এবং মধু সংগ্রাহকরা সরিষা চাষে আশাবাদী, কারণ গত বছর ফলন এবং দাম ভালো হওয়ায় এই বছর সরিষা চাষে ঝুঁকেছেন তারা।
কৃষি অফিস সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে ১ হাজার ৫৪০ হেক্টর জমিতে বিভিন্ন জাতের সরিষা আবাদ করা হয়েছে। বারী সরিষা ৯, ১১, ১৪ ও ১৮ এবং বিনা সরিষা ৪ ও ৯ জাতের সরিষা আবাদ হয়েছে।
উপজেলার মেঘনা ধনাগোদা সেচ প্রকল্পসহ চরাঞ্চলের মাঠে সরিষা চাষ করা হয়েছে। কৃষকরা জানান, আবহাওয়া অনুকূলে থাকলে এবার বাম্পার ফলন হবে এবং সরিষা স্থানীয় চাহিদা মিটিয়ে দেশের বিভিন্ন মোকামে পাঠানো হবে।
বোরচর গ্রামের কৃষক আনিছুর বলেন, "এ বছর আমরা প্রচুর পরিমাণে সরিষা আবাদ করেছি। আবহাওয়া অনুকূল থাকলে ভালো ফলন পাবো।" ষাটনল গ্রামের কৃষক রাজ্জাক মিয়া জানান, "সরিষা চাষে তেমন কোনো বাড়তি খরচ নেই এবং জমিতে সার প্রয়োগ করা হলে বাড়তি সেচও দিতে হয় না, ফলে লাভজনক।"
এছাড়া, সরিষা থেকে মধু আহরণকারী জহির হোসেন (মধু মিয়া) জানান, "গত বছরের তুলনায় এবার সরিষা ক্ষেত থেকে অনেক বেশি মধু পাওয়ার আশা করছি।"
উপজেলা কৃষি অফিসার ফয়সাল আহমেদ বলেন, "আবহাওয়া অনুকূলে থাকায় এবার সরিষা চাষে বাম্পার ফলন হবে। কম খরচে অধিক ফলন এবং বাজারে দাম ভালো থাকায় কৃষকদের মধ্যে সরিষা চাষে আগ্রহ বেড়েছে।"