
(১ বছর আগে) ৫ জানুয়ারি ২০২৫, রবিবার, ২:২৩ অপরাহ্ন
করোনাভাইরাসের ভয়াবহতা পুরো বিশ্বকে স্থবির করে দিয়েছিল। এবার চীনে নতুন এক ভাইরাসের সংক্রমণ আবারও উদ্বেগ তৈরি করেছে। সম্প্রতি, চীনের বিভিন্ন হাসপাতালে রোগীদের ভিড় এবং তাদের চিন্তিত পরিবার-পরিজনের ছবি ও ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে, যা বিশ্বজুড়ে আতঙ্ক সৃষ্টি করেছে।
ভিডিওগুলিতে দাবি করা হচ্ছে, রোগীদের বেশিরভাগই হিউম্যান মেটানিউমোভাইরাস (এইচএমপিভি)-এ আক্রান্ত। তবে এসব ভিডিওর সত্যতা যাচাই করা সম্ভব হয়নি। চীন সরকার এ বিষয়ে উদ্বেগ প্রকাশ না করতে পর্যটক ও নাগরিকদের আশ্বস্ত করেছে এবং ভাইরাসকে ‘শীতকালীন সংক্রমণ’ হিসেবে ব্যাখ্যা করেছে।
চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং বলেন, "এই ভাইরাস মারাত্মক নয় এবং সংক্রমণের হার গত বছরের তুলনায় কম। শীতকালীন শ্বাসযন্ত্রের সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় এমন পরিস্থিতি সৃষ্টি হয়েছে।" তিনি আরও জানান, চীন সরকারের পক্ষ থেকে দেশি-বিদেশি নাগরিকদের স্বাস্থ্য সুরক্ষায় যথাসাধ্য যত্ন নেওয়া হচ্ছে।
এদিকে, এই ভাইরাসের সংক্রমণের খবর শোনার পর দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে উদ্বেগ বেড়েছে। উল্লেখযোগ্য যে, এইচএমপিভি প্রথম শনাক্ত হয় ২০০১ সালে এবং এটি সাধারণ শ্বাসযন্ত্রের প্যাথোজেন হিসেবে বিশ্বব্যাপী ছড়িয়ে পড়েছে, বিশেষ করে শীতকালে।
এই ভাইরাসের উপসর্গের মধ্যে রয়েছে জ্বর, সর্দি ও কাশি, এবং কিছু ক্ষেত্রে নিউমোনিয়া হতে পারে। তবে মৃত্যুর হার খুবই কম। বর্তমানে এই ভাইরাসের কোনো টিকা বা অ্যান্টিভাইরাল চিকিৎসা নেই, তবে গুরুতর অসুস্থ হলে হাসপাতাল ভর্তি ও পর্যবেক্ষণ করা হয়।
বিশেষজ্ঞরা রোগীদের নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্ন থাকতে, মাস্ক পরতে এবং হাত ধোয়ার পরামর্শ দিয়েছেন, যাতে ভাইরাসের সংক্রমণ প্রতিরোধ করা যায়।