
(১ বছর আগে) ৬ জানুয়ারি ২০২৫, সোমবার, ৪:৫৩ অপরাহ্ন
দামেস্ক, ৬ জানুয়ারি: সিরিয়ার সরকারি চাকরিজীবীদের বেতন ৪০০ শতাংশ বৃদ্ধির ঘোষণা দিয়েছে দেশটির অন্তর্বর্তী সরকার। অর্থমন্ত্রী মোহাম্মদ আবাজেদ নিশ্চিত করেছেন, এই পদক্ষেপ সরকারের অর্থনৈতিক পুনর্গঠন ও দক্ষতা বাড়ানোর প্রচেষ্টার অংশ।
বেতন বৃদ্ধির ফলে সরকারের প্রায় ১২৭ মিলিয়ন ডলার (১.৬৫ সিরিয়ান পাউন্ড) খরচ হবে বলে ধারণা করা হচ্ছে। তবে, প্রশাসনিক পুনর্গঠনের কাজ সম্পন্ন করার পরই এই বেতন বৃদ্ধি কার্যকর হবে।
অর্থমন্ত্রী মোহাম্মদ আবাজেদ রয়টার্সকে বলেন, "এটি দেশের অর্থনৈতিক বাস্তবতার জরুরি সমাধানের দিকে প্রথম পদক্ষেপ।” তিনি আরও জানান, সরকারি কর্মচারীদের গত মাসের বেতন এই সপ্তাহেই দেওয়া হবে।
সিরিয়ার রাষ্ট্রীয় কোষাগার যুদ্ধের কারণে তারল্য সংকটের মুখে। কেন্দ্রীয় ব্যাংকে উপলব্ধ অর্থের বেশিরভাগই সিরিয়ান মুদ্রা, যার মূল্য অনেক কমে গেছে।
সরকার বিদেশে জব্দ থাকা ৪০০ মিলিয়ন ডলার সম্পদ ফিরিয়ে আনার ব্যাপারে আশাবাদী। পাশাপাশি, আরব দেশগুলোও সিরিয়াকে সহায়তা করার প্রতিশ্রুতি দিয়েছে বলে জানিয়েছে অর্থ মন্ত্রণালয়।
এই পদক্ষেপ যুদ্ধবিধ্বস্ত দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা পুনরুদ্ধারে সহায়ক হবে বলে আশা করা হচ্ছে।
সংবাদসংস্থা