banglahour

কাজে আসছে না ২০০ কোটি টাকার অবকাঠামো

অন্যান্য | অনলাইন ডেস্ক

(১ বছর আগে) ৯ জানুয়ারি ২০২৫, বৃহস্পতিবার, ১০:৩৩ পূর্বাহ্ন

রাজধানীর হাজারীবাগ বেড়িবাঁধে ৫০ শয্যা শামসুন্নেছা আরজু মনি মা ও শিশু হাসপাতাল। এটি ২০১৮ সালে উদ্বোধন হলেও এখনো আশপাশের নিম্ন-আয়ের মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে পারেনি। হাসপাতালটির অবকাঠামো নির্মাণ ও চিকিৎসা সরঞ্জামাদি কিনতে ব্যয় হয় ২০০ কোটি টাকা। কাগজে-কলমে হাসপাতালটিতে তিনজন চিকিৎসকসহ ১৭ জন কর্মরত থাকলেও সেখানে চিকিৎসাসেবা কিংবা ওষুধ পাওয়া যায় না বলে অভিযোগ রোগীদের। মূল্যবান চিকিৎসাসামগ্রী ব্যবহার না করায় নষ্ট হয়ে যাচ্ছে।

জানা যায়, প্রতিষ্ঠার পর থেকে হাসপাতালটির আন্তঃবিভাগের কার্যক্রম এখনো শুরুই করতে পারেনি কর্তৃপক্ষ। হাসপাতালে সপ্তাহের অধিকাংশ দিন চিকিৎসকই উপস্থিত থাকেন না। তত্ত্বাবধায়ক ডা. সেলিনা আক্তার লিপি অসুস্থতাজনিত কারণে প্রায়ই ছুটিতে থাকেন। অন্য চিকিৎসকদের উপস্থিতিও দেখা যায় না। ফলে দুইশ কোটি টাকার হাসপাতালটি রোগীদের উপকারে আসছে না। হাসপাতালটির অপারেশন থিয়েটারের যন্ত্রপাতি, শীতাতপ নিয়ন্ত্রিত যন্ত্র, রোগীদের বিছানা, কেবিনেটসহ মূল্যবান সামগ্রী ব্যবহার না করায় নষ্ট হয়ে যাচ্ছে।

৩১ ডিসেম্বর ও ৬ জানুয়ারি হাসপাতালটিতে সরেজমিনে দেখা যায়, চিকিৎসা পাওয়ার আশায় অর্ধশতাধিক গরিব রোগী হাসপাতালটির আউটডোরে ভিড় জমিয়েছে। চিকিৎসক না থাকায় সেবা কার্যক্রম চলছে না। একজন ভিজিটর রোগীদের নামমাত্র পরামর্শ দিচ্ছেন।

তাছাড়া হাসপাতালের ৮তলা ভবনটিতে অপারেশন থিয়েটার, পোস্ট অপারেটিভ ওয়ার্ড, রোগীদের সাধারণ বিছানা, কেবিনসহ পূর্ণাঙ্গ চিকিৎসা সরঞ্জামাদি রয়েছে। কিন্তু কর্তৃপক্ষ আন্তঃবিভাগ সেবা চালু করতে পারেনি। হাসপাতাল ভবনের পাশেই আরেকটি আটতলা ভবন করা হয়েছে চিকিৎসকদের ডরমেটরি হিসাবে। কিন্তু সেখানে থাকছে কয়েকজন আউটসোর্সিং ও মাস্টাররোল কর্মচারীর পরিবার।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল