
(১ বছর আগে) ৯ জানুয়ারি ২০২৫, বৃহস্পতিবার, ১২:৩৩ অপরাহ্ন
ঢাকা: বাংলাদেশে সরকারি চাকরিজীবীদের স্থানীয় সরকার কিংবা জাতীয় নির্বাচনে অংশগ্রহণের সুযোগ নেই। তবে এই বিধি পরিবর্তনের সুপারিশ আনছে স্থানীয় সরকার সংস্কার কমিশন। সরকারি চাকরিজীবীদের প্রার্থী হওয়ার সুযোগ দেওয়ার মাধ্যমে শিক্ষিত ও যোগ্য প্রার্থী নিশ্চিত করার লক্ষ্যে এই উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন কমিশনের প্রধান অধ্যাপক তোফায়েল আহমেদ।
অধ্যাপক তোফায়েল আহমেদ জানান, বর্তমান ব্যবস্থায় অনেক জনপ্রতিনিধি শিক্ষাগত যোগ্যতায় পিছিয়ে থাকেন এবং জনপ্রতিনিধিত্বকে পেশা হিসেবে বেছে নেওয়ার প্রবণতা দেখা যায়। এতে সেবার মানের অবনতি ঘটে এবং দুর্নীতির ঝুঁকি বাড়ে। প্রার্থী হওয়ার ক্ষেত্রে সরকারি ও বেসরকারি চাকরিজীবীদের ওপর থেকে প্রতিবন্ধকতা তুলে দেওয়ার প্রস্তাব করা হচ্ছে।
স্থানীয় সরকার নির্বাচন পদ্ধতিতে বড় ধরনের পরিবর্তনের প্রস্তাব দেওয়া হয়েছে। কমিশন প্রস্তাব করেছে, চেয়ারম্যান বা মেয়র সরাসরি নির্বাচিত না হয়ে ওয়ার্ডভিত্তিক নির্বাচিত সদস্যদের ভোটের মাধ্যমে এই পদে আসীন হবেন। এতে একক কর্তৃত্ব কমবে এবং মন্ত্রণালয়ের সরাসরি বরখাস্তের ক্ষমতা সীমিত হবে। বরখাস্তের সিদ্ধান্ত পরিষদ সদস্যদের ভোটের মাধ্যমে হবে।
কমিশন জানায়, স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক বাদ দেওয়া হলে ভোটের গ্রহণযোগ্যতা বাড়বে এবং সহিংসতা কমবে। এই প্রস্তাবের পক্ষে স্থানীয় সরকার বিশেষজ্ঞ সালাহউদ্দিন এম আমিনুজ্জামানও মত দিয়েছেন।
প্রস্তাবনায় ইউনিয়ন, উপজেলা, জেলা পরিষদ, পৌরসভা ও সিটি করপোরেশনে একই দিনে ভোট করার কথা বলা হয়েছে। যদিও এটি বাস্তবায়ন করা কঠিন হবে বলে মনে করেন বিশেষজ্ঞরা। নিচের স্তরে ভোটের সময় সহিংসতা বাড়ার ঝুঁকির কথা উল্লেখ করেন সালাহউদ্দিন এম আমিনুজ্জামান।
কমিশন এই প্রস্তাবগুলো চূড়ান্ত করে আইনের খসড়া তৈরি করবে। এতে স্থানীয় সরকার ব্যবস্থার উন্নয়ন এবং নির্বাচনের স্বচ্ছতা নিশ্চিত করার উদ্দেশ্যে প্রয়োজনীয় পরিবর্তন আনার বিষয়টি নিশ্চিত করা হবে।