
(১ বছর আগে) ১০ জানুয়ারি ২০২৫, শুক্রবার, ২:২৩ অপরাহ্ন
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লস অ্যাঞ্জেলেসে ভয়াবহ দাবানলে এখন পর্যন্ত ১০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। মৃতদের পরিচয় এখনও শনাক্ত করা যায়নি বলে জানিয়েছেন স্থানীয় কর্তৃপক্ষ।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, স্থানীয় সময় বৃহস্পতিবার (৯ জানুয়ারি) রাতে লস অ্যাঞ্জেলেস মেডিকেল এক্সামিনার কাউন্টির এক বিবৃতিতে বলা হয়, "দাবানল পরিস্থিতি এবং নিরাপত্তা সংক্রান্ত উদ্বেগের কারণে শনাক্তকরণ প্রক্রিয়া সম্পন্ন করতে কয়েক সপ্তাহ সময় লাগতে পারে।"
এছাড়া ভুক্তভোগীদের স্বজনদের তথ্য জানানোর কাজও চলছে।
১৩ হাজার একর এলাকা দাবানলের কবলে
লস অ্যাঞ্জেলেস ও ভেনচুরা কাউন্টির সীমান্তবর্তী কেনেথ অঞ্চলে দাবানলের আগুন ছড়িয়ে পড়েছে। ইতোমধ্যে আগুন প্রায় ১৩ হাজার একর এলাকাজুড়ে বিস্তৃত হয়েছে। প্রায় এক লাখ মানুষ ঘরবাড়ি ছেড়ে নিরাপদ স্থানে আশ্রয় নিয়েছে।
দাবানল নেভাতে বন্দিদের তৎপরতা
তীব্র বাতাস ও শুষ্ক আবহাওয়ার কারণে দাবানল নিয়ন্ত্রণে জটিলতা তৈরি হয়েছে। ক্যালিফোর্নিয়া ডিপার্টমেন্ট অব কারেকশনস অ্যান্ড রিহ্যাবিলিটেশন (সিডিসিআর) জানিয়েছে, প্রায় ৭৮৩ জন কারাবন্দিকে আগুন নেভানোর কাজে সহায়তার জন্য মোতায়েন করা হয়েছে।
তারা ক্যালিফোর্নিয়ার বন ও অগ্নি সুরক্ষা বিভাগের (ক্যাল ফায়ার) প্রায় ২ হাজার দমকলকর্মীর সঙ্গে মিলে কাজ করছে। উল্লেখ্য, ক্যালিফোর্নিয়ায় দাবানল নিয়ন্ত্রণে নিযুক্ত বাহিনীর প্রায় ৩০ শতাংশই কারাবন্দি।
স্কুল বন্ধ ঘোষণা
লস অ্যাঞ্জেলেসের সব স্কুল শুক্রবার (১০ জানুয়ারি) ও শনিবার (১১ জানুয়ারি) বন্ধ থাকবে বলে ঘোষণা দিয়েছেন তত্ত্বাবধায়ক আলবার্টো এম কারভালহো। বাতাসের মান পর্যালোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।
আর্থিক ক্ষতি সবচেয়ে বেশি
অ্যাকুওয়েদারের প্রধান আবহাওয়াবিদ জোনাথন পোর্টার এই দাবানলকে আধুনিক ক্যালিফোর্নিয়ার ইতিহাসে সবচেয়ে আর্থিক ক্ষতিসাধনকারী দাবানল হিসেবে উল্লেখ করেছেন।
দাবানলের ভয়াবহতা রোধে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন স্থানীয় কর্তৃপক্ষ।