
(১ বছর আগে) ১০ জানুয়ারি ২০২৫, শুক্রবার, ৭:০১ অপরাহ্ন
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সংরক্ষিত ছয়টি বেওয়ারিশ লাশের তথ্য সামনে এনেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জুলাই গণ–অভ্যুত্থানবিষয়ক বিশেষ সেল। খবর পাওয়ার পর ঢাকা মেডিকেলের মর্গে যায় বিশেষ সেলের একটি দল। পরে এক সংবাদ সম্মেলনে অন্তর্বর্তী সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বেওয়ারিশ লাশগুলো শনাক্ত করে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার জন্য অনুরোধ জানায় বিশেষ সেল।
আজ শুক্রবার বিকেলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের ফটকে জরুরি সংবাদ সম্মেলন করেন জুলাই গণ–অভ্যুত্থানবিষয়ক বিশেষ সেলের সদস্যরা। সেখানে বেওয়ারিশ লাশের বিষয়ে সাংবাদিকদের তথ্য জানানো হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়েন বিশেষ সেল সম্পাদক হাসান ইনাম। তিনি বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিশেষ সেল তার রুটিন ওয়ার্ক (নিয়মিত কাজ) করতে গিয়ে গণ–অভ্যুত্থানে শহীদ ছয়টি বেওয়ারিশ লাশের কথা জানতে পারে। এরপর আজ সকালে সেলের একটি দল শাহবাগ থানায় গিয়ে ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালিদ মনসুরের সঙ্গে কথা বলে ছয়টি লাশ হিমাগারে থাকার বিষয়ে নিশ্চিত হয়। লাশগুলো ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক মর্গে আছে বলে ওসি জানান। পরে বিশেষ সেলের দলটি সরেজমিনে মর্গ পরিদর্শন করে।
৬টি লাশের বিষয়ে হাসান ইমাম জানান, লাশগুলো হলো অজ্ঞাতনামা পুরুষ (২০), অজ্ঞাতনামা পুরুষ (২৫), অজ্ঞাতনামা পুরুষ (২২), অজ্ঞাতনামা নারী (৩২) ও অজ্ঞাতনামা পুরুষ (৩০)। আরকেজনের নাম এনামুল (২৫), তবে আর কোনো তথ্য পাওয়া যায়নি। লাশগুলোর ময়নাতদন্ত করা হয়েছে। তিনি বলেন, মৃতদেহগুলোর ডিএনএ সংগ্রহ করা হয়েছে। শাহবাগ থানা থেকে বলা হয়েছে, লাশগুলো বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শহীদদের।9