banglahour

সীমান্তে বেড়া দেওয়া নিয়ে চুক্তি মেনে চলছে ভারত: দিল্লি

জাতীয় | অনলাইন ডেস্ক

(১ বছর আগে) ১৩ জানুয়ারি ২০২৫, সোমবার, ৯:৩৩ অপরাহ্ন

ভারত-বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া স্থাপনসহ সব নিরাপত্তা ব্যবস্থা দ্বিপাক্ষিক চুক্তি ও প্রোটোকল মেনেই করা হচ্ছে বলে জানিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়।

সোমবার ভারতে নিযুক্ত বাংলাদেশের ভারপ্রাপ্ত হাইকমিশনার মো. নূরুল ইসলামকে তলব করে এ কথা জানায় দিল্লি। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের দাবি, সীমান্তে বেড়া স্থাপন, আলোকসজ্জা ও নিরাপত্তা ডিভাইস স্থাপনের উদ্দেশ্য সীমান্ত সুরক্ষিত করা।

গত সপ্তাহে সীমান্তের কিছু স্থানে ভারত বেড়া দেওয়ার চেষ্টা করলে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী (বিজিবি) ও ভারতের সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) মধ্যে উত্তেজনা দেখা দেয়। পতাকা বৈঠকের মাধ্যমে উত্তেজনা প্রশমিত হয় এবং বিএসএফ বেড়া স্থাপনের কাজ স্থগিত করে।

এ ঘটনার পর গতকাল ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মাকে তলব করে বাংলাদেশ। এর প্রতিক্রিয়ায় আজ ভারতে নিযুক্ত বাংলাদেশের ভারপ্রাপ্ত হাইকমিশনারকে তলব করে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়।

এক বিবৃতিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, আন্তঃসীমান্ত অপরাধ, চোরাচালান ও অপরাধীদের গতিবিধি প্রতিরোধে ভারত প্রতিশ্রুতিবদ্ধ। বাংলাদেশ-ভারত সীমান্তে যেকোনো ধরনের নিরাপত্তা ব্যবস্থা দুই দেশের চুক্তি ও সীমান্তরক্ষী বাহিনীর প্রোটোকল অনুযায়ীই নেওয়া হচ্ছে।

সীমান্ত অপরাধ দমনে বাংলাদেশ ও ভারতের মধ্যে সহযোগিতামূলক ব্যবস্থা জোরদার করার বিষয়েও প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে ভারত।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল