
(১ বছর আগে) ২৪ জানুয়ারি ২০২৫, শুক্রবার, ৮:২৮ অপরাহ্ন
আইন ও বিচার উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল গুজবে কান না দেওয়ার আহ্বান জানিয়েছেন। শুক্রবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ আহ্বান জানান।
তিনি লিখেছেন, “পাগলের প্রলাপের মতো গুজব ছড়ানো হচ্ছে। এসবে কান দেবেন না। আমরা সবাই ভালো আছি। নিজ নিজ জায়গায় আছি। আলহামদুলিল্লাহ।”
এর আগে বৃহস্পতিবার রাত থেকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অন্তর্বর্তী সরকার, সরকারের উপদেষ্টা এবং বিভিন্ন আন্দোলনের সমন্বয়কসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের নিয়ে গুজব ছড়াতে দেখা যায়।
এসব গুজবের মধ্যে উল্লেখ করা হয়, “অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা পালিয়ে গেছেন,” “প্রধান উপদেষ্টা পদত্যাগ করেছেন,” “সামরিক বাহিনী সরকার গঠন করছে,” এবং “সমন্বয়করা পালিয়ে গেছেন।”
এসব মিথ্যা তথ্য আওয়ামী লীগ, ছাত্রলীগের সাবেক ও বর্তমান নেতাদের নাম ব্যবহার করে ছড়ানোর অভিযোগ উঠেছে। আওয়ামী লীগ, ছাত্রলীগ এবং যুবলীগের নামে খোলা বিভিন্ন পেজ থেকে এই গুজব ছড়ানো হয় বলে জানা গেছে।
অধ্যাপক আসিফ নজরুল সকলকে এই ধরনের গুজবে বিভ্রান্ত না হওয়ার পরামর্শ দিয়েছেন এবং সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন।