
(১ বছর আগে) ২৪ জানুয়ারি ২০২৫, শুক্রবার, ৮:৩০ অপরাহ্ন
কক্সবাজারের টেকনাফের বাহারছড়ার কচ্ছপিয়া এলাকার গহিন পাহাড়ে সাঁড়াশি অভিযান চালিয়ে অপহৃত ১৫ জনকে উদ্ধার করেছে টেকনাফ মডেল থানা পুলিশ। অভিযানে অপহরণ চক্রের দুই সদস্যকেও আটক করা হয়েছে।
আটককৃতরা হলেন বাহারছড়ার কচ্ছপিয়া করাচিপাড়ার নুরুল কবিরের ছেলে মো. হারুন (২৫) এবং নুর মোহাম্মদ (১৯)।
শুক্রবার বিকেলে টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) গিয়াস উদ্দিন এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, আটককৃত আসামিরা পরস্পর যোগসাজশে ভিকটিমদের বিভিন্ন প্রলোভনে ফেলে ১৬-১৭ দিন ধরে মুক্তিপণ আদায়ের উদ্দেশ্যে গহিন পাহাড়ের চূড়ায় আটকে রেখেছিল। উদ্ধার হওয়া ভিকটিমদের মধ্যে স্থানীয় একজন এবং পাঁচজন রোহিঙ্গা শিশু রয়েছে।
ওসি গিয়াস উদ্দিন বলেন, “পুলিশের একাধিক টিম অপহরণকারীদের আস্তানায় অভিযান চালিয়ে ১৫ ভিকটিমকে উদ্ধার করে এবং অপহরণ চক্রের দুই সদস্যকে আটক করে। উদ্ধারকৃতদের মধ্যে বাংলাদেশি নাগরিক ছাড়াও বাস্তুচ্যুত রোহিঙ্গা শরাণার্থীরাও রয়েছেন।”
উদ্ধারকৃত ভিকটিমদের নিরাপত্তা নিশ্চিত করা এবং আটক আসামিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন ওসি।