banglahour

নাসার ইতিহাসে প্রথমবারের মতো নারী প্রশাসক

অন্যান্য | অনলাইন ডেস্ক

(১ বছর আগে) ২৭ জানুয়ারি ২০২৫, সোমবার, ১০:৩০ পূর্বাহ্ন

মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার ইতিহাসে প্রথমবারের মতো নারী প্রশাসক হিসাবে দায়িত্ব গ্রহণ করেছেন জ্যানেট পেট্রো। সোমবার (২০ জানুয়ারি) প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার প্রথম কার্যদিবসে তাকে নাসার ভারপ্রাপ্ত প্রশাসক হিসাবে নিয়োগ দেন।

পেট্রোর এ নিয়োগ নাসা প্রতিষ্ঠার (১৯৫৮) পর গুরুত্বপূর্ণ মাইলফলক হিসাবে বিবেচিত হচ্ছে। তিনি সংস্থার ১৪তম প্রশাসক বিল নেলসনের স্থলাভিষিক্ত হয়েছেন।

নাসার কর্মসূচি ও বাজেট তদারকি করার পাশাপাশি তিনি সংস্থাটির নতুন প্রশাসন পর্যন্ত নেতৃত্ব দেবেন।

লিঙ্কডইনে দেওয়া এক বার্তায় পেট্রো বলেছেন, ‘নাসা নতুন প্রশাসনের নীতিমালার সঙ্গে সামঞ্জস্য রেখে তার মিশন ও মূল্যবোধে প্রতিশ্রুতিবদ্ধ থাকবে।’

তিনি নাসার কর্মীদের নতুন অভিজ্ঞতা গ্রহণ করতে উৎসাহিত করে বলেছেন, ‘নতুন চ্যালেঞ্জ গ্রহণে পিছিয়ে গেলে নিজেদের উন্নতির সুযোগ হারাবেন।’

জ্যানেট পেট্রো কে?

জ্যানেট পেট্রো একজন প্রকৌশলী ও সরকারি কর্মচারী। তিনি নাসার জন এফ কেনেডি স্পেস সেন্টারের ১১তম পরিচালক। ২০২১ সালের ৩০ জুন, নাসার প্রশাসক বিল নেলসন তাকে এ কেন্দ্রের পরিচালক হিসাবে নিয়োগ দেন।

পেট্রো মার্কিন সামরিক একাডেমি থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেন এবং মার্কিন সেনাবাহিনীর অ্যাভিয়েশন শাখায় কমিশনড অফিসার হিসাবে কর্মজীবন শুরু করেন। তিনি হেলিকপ্টার পাইলটিং এবং জার্মানিতে সেনাদল পরিচালনার দায়িত্ব পালন করেছেন। পরে, বেসামরিক ক্ষেত্রে তিনি ম্যাকডনেল ডগলাস অ্যারোস্পেস করপোরেশনে মেকানিক্যাল ইঞ্জিনিয়ার এবং পেলোড স্পেশালিস্ট হিসাবে কাজ করেছেন। ২০১৮ সালে তাকে ফ্লোরিডা গভর্নরের মাধ্যমে ফ্লোরিডা উইমেনস হল অব ফেমে অন্তর্ভুক্ত করা হয়।

জ্যানেট পেট্রোর এ নিয়োগ নাসার ইতিহাসে নারীর অংশগ্রহণের একটি নতুন দিগন্ত উন্মোচন করেছে এবং মহাকাশ গবেষণায় নারী নেতৃত্বের প্রতীক হয়ে উঠেছে।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল