banglahour

৫ আগস্ট বিপ্লবের অর্জন রক্ষায় ঐক্যের আহ্বান: ড. রেজাউল করিম

রাজনীতি | অনলাইন ডেস্ক

(১ বছর আগে) ২৮ জানুয়ারি ২০২৫, মঙ্গলবার, ১:১২ অপরাহ্ন

ঢাকা, মঙ্গলবার: ৫ আগস্টের বিপ্লব স্বৈরাচার ও ফ্যাসিবাদী শক্তির পতনের মাধ্যমে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে একটি নতুন অধ্যায় সূচনা করেছে। তবে রাষ্ট্রের বিভিন্ন সেক্টরে এখনও এসব শক্তির প্রতিনিধিরা সক্রিয় রয়েছে। এ পরিস্থিতিতে অর্জিত বিজয়কে স্থায়িত্ব দিতে এবং দেশবিরোধী ষড়যন্ত্র মোকাবিলায় দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ড. মুহাম্মদ রেজাউল করিম।

মঙ্গলবার সকালে রাজধানীর পান্থপথের একটি মিলনায়তনে শেরেবাংলা নগর দক্ষিণ থানা জামায়াত আয়োজিত রুকন সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। থানা আমীর আবু সাঈদ মণ্ডলের সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য হেমায়েত হোসেন, ঢাকা মহানগর উত্তরের প্রচার-মিডিয়া সম্পাদক মু. আতাউর রহমান সরকার এবং মৌলভীবাজার জেলা কর্মপরিষদ সদস্য আমিনুল ইসলাম।

ড. রেজাউল করিম বলেন, “বিগত ১৬ বছরে আওয়ামী-বাকশালীরা অপশাসনের মাধ্যমে দেশে ত্রাসের রাজত্ব কায়েম করেছিল। জনগণের মৌলিক ও সাংবিধানিক অধিকার কেড়ে নেওয়া হয়েছিল। জামায়াতসহ বিরোধী দলগুলোর ওপর চালানো হয় নির্মম দমন-পীড়ন। কিন্তু ইতিহাস তাদের ক্ষমা করেনি। জনগণ এখন তাদেরকেই পুরোপুরি প্রত্যাখ্যান করেছে।”

তিনি আরও বলেন, “৫ আগস্ট বিপ্লবের মাধ্যমে আমাদের আন্দোলনের প্রাথমিক বিজয় অর্জিত হয়েছে। তবে এ লড়াই এখনও শেষ হয়নি। আমাদের পথ দীর্ঘ এবং কঠিন। চূড়ান্ত বিজয় না হওয়া পর্যন্ত আমাদের সংগ্রাম চালিয়ে যেতে হবে।”

ড. রেজাউল করিম নেতাকর্মীদের যে কোনো ত্যাগ স্বীকারে প্রস্তুত থাকার আহ্বান জানিয়ে বলেন, “আল্লাহ আমাদের অশুভ শক্তির বিরুদ্ধে লড়াই করার নির্দেশ দিয়েছেন এবং দ্বীনের বিজয়ের প্রতিশ্রুতি দিয়েছেন। যারা একসময় ক্ষমতার চূড়ায় ছিল, তারা এখন লাঞ্ছিত ও পরাজিত। এই বিজয়কে ধরে রাখতে এবং চূড়ান্ত লক্ষ্য অর্জনে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে।”

সম্মেলনে উপস্থিত ছিলেন থানা কর্মপরিষদ সদস্য সোহেল খান, জামিল বিন হোসাইন, আবু জাওয়াদ এবং মাওলানা রুহুল আমিনসহ আরও অনেকে।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল