
(১ বছর আগে) ৩১ জানুয়ারি ২০২৫, শুক্রবার, ৪:১০ অপরাহ্ন
বর্তমান সময়ে শিশুদের মধ্যে বই পড়ার আগ্রহ কমছে এবং তার পরিবর্তে মোবাইল, ট্যাব, ল্যাপটপ ও টিভির পর্দায় সময় কাটানোর প্রবণতা বাড়ছে। বিশেষ করে দশ বছরের নিচের শিশুরা বেশির ভাগ সময় ভিডিও দেখা ও গেম খেলার মধ্যেই ব্যস্ত থাকে। এতে তাদের সৃজনশীলতা ও মনোযোগের সমস্যা তৈরি হচ্ছে।
এমন পরিস্থিতিতে শিশুকে বই পড়ায় আগ্রহী করে তোলার দায়িত্ব অভিভাবকদেরই নিতে হবে। বিশেষজ্ঞদের মতে, কিছু কার্যকরী কৌশল অনুসরণ করলে শিশুকে ধীরে ধীরে বইয়ের প্রতি আকৃষ্ট করা সম্ভব।
শিশুর বই পড়ার অভ্যাস গড়ে তুলতে হলে প্রথমেই স্ক্রিনটাইম নিয়ন্ত্রণ করতে হবে। তবে হুট করে মোবাইল নিয়ে নিলে শিশু আরও বেশি জেদ করতে পারে। তাই দিনে সর্বোচ্চ এক ঘণ্টার মতো মোবাইল বা টিভি দেখার অনুমতি দেওয়া যেতে পারে।
এ প্রসঙ্গে মনোবিদ অনিন্দিতা মুখোপাধ্যায় বলেন, "শিশু মোবাইল বা টিভিতে কী দেখছে, তা মনিটর করতে হবে এবং বাকি সময় বই পড়ার জন্য উৎসাহিত করতে হবে। গল্প শোনার অভ্যাস তৈরি করা গেলে শিশুর বই পড়ার আগ্রহ বাড়বে।"
শিশুরা সাধারণত বড়দের অনুসরণ করে। তাই যদি তারা দেখে বাবা-মা ফাঁকা সময় মোবাইল স্ক্রল না করে বই, ম্যাগাজিন বা খবরের কাগজ পড়ছেন, তাহলে স্বাভাবিকভাবেই তাদের মধ্যেও বই পড়ার আগ্রহ জন্মাবে।
শপিংমল কিংবা পার্কে নিয়ে যাওয়ার পাশাপাশি মাঝে মাঝে লাইব্রেরি বা বইয়ের দোকানে নিয়ে যাওয়া উচিত। শিশুরা যখন নিজের হাতে বই নাড়াচাড়া করতে পারবে এবং পড়তে পারবে, তখনই তাদের মধ্যে বইয়ের প্রতি আগ্রহ তৈরি হবে।
শিশুর বয়স অনুযায়ী সঠিক বই নির্বাচন করা গুরুত্বপূর্ণ। শুধুমাত্র রূপকথা বা ছবি দেওয়া বই নয়, বরং ছোটদের জন্য উপযোগী গল্প, কবিতা ও বাস্তবধর্মী বই তাদের সামনে তুলে ধরতে হবে।
শিশুর বই পড়ার অভ্যাস গড়ে তোলার জন্য শুরুর দিকে মা-বাবাকে বই পড়ে শোনাতে হবে। বইয়ের গল্পগুলো আবেগ ও চরিত্র অনুযায়ী উপস্থাপন করলে শিশু আরও আগ্রহী হবে।
বিশেষজ্ঞরা মনে করেন, বই পড়ার অভ্যাস গড়ে তুলতে হলে অভিভাবকদের ধৈর্য ধরতে হবে এবং শিশুর জন্য উপযুক্ত পরিবেশ তৈরি করতে হবে। এতে শুধু শিশুদের জ্ঞান বৃদ্ধি হবে না, বরং তাদের মনোযোগ ও সৃজনশীলতাও বাড়বে।