
(১ বছর আগে) ৩১ জানুয়ারি ২০২৫, শুক্রবার, ৮:০৪ অপরাহ্ন
যুক্তরাষ্ট্রে দীর্ঘদিন ধরে ব্যথানাশক ওষুধের আসক্তিজনিত সমস্যা মোকাবিলা করা কঠিন হয়ে উঠেছে। অবশেষে, আসক্তিমুক্ত (নন-ওপিওয়েড) একটি নতুন ব্যথানাশক ওষুধের অনুমোদন দিয়েছে দেশটির খাদ্য ও ওষুধ প্রশাসন (এফডিএ)।
প্রাপ্তবয়স্কদের স্বল্পমেয়াদি ব্যথার চিকিৎসার জন্য অনুমোদন পাওয়া এই ওষুধের ব্র্যান্ড নাম জারনাভ্যাক্স, যা সুজট্রিজিন নামেও পরিচিত। এটি শরীরের ব্যথার সংকেত মস্তিষ্কে পৌঁছানোর আগেই কাজ শুরু করে, ফলে ব্যথা দ্রুত উপশম হয়।
জারনাভ্যাক্স প্রস্তুতকারী প্রতিষ্ঠান ভারটেক্স ফার্মাসিউটিক্যালস জানিয়েছে, এই ওষুধে আসক্তি সৃষ্টিকারী উপাদান ওপিওয়েড নেই এবং এটি মাঝারি থেকে তীব্র ব্যথা উপশমে কার্যকর।
যুক্তরাষ্ট্রে ব্যথানাশক ওষুধের আসক্তি দীর্ঘদিন ধরে উদ্বেগের কারণ। ২০১৭ সালে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এটিকে ‘জাতীয় লজ্জা’ বলে মন্তব্য করেছিলেন এবং জনস্বাস্থ্যসংক্রান্ত জরুরি অবস্থা ঘোষণা করেছিলেন।
মানুষের শরীরে ওষুধটির কার্যকারিতা পরীক্ষা করা হয়েছে। অস্ত্রোপচারের পর ব্যথা কমাতে জারনাভ্যাক্স কার্যকর প্রমাণিত হয়েছে বলে জানিয়েছে এফডিএ। বিশেষজ্ঞরা এটিকে জনস্বাস্থ্য খাতের জন্য গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে দেখছেন।
যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র (সিডিসি) জানায়, প্রতি বছর হাজারো মানুষ ওপিওয়েড আসক্তির কারণে মারা যায়। ২০২২ সালে মাত্রাতিরিক্ত ওপিওয়েড ব্যবহারের কারণে ৮২ হাজার মৃত্যু হয়েছে।
সম্প্রতি দ্বিতীয় মেয়াদে মার্কিন প্রেসিডেন্ট হওয়া ডোনাল্ড ট্রাম্প বলেছেন, কানাডা ও মেক্সিকো থেকে আমদানির ওপর ২৫% সীমান্ত কর বসাবেন, যাতে ফেন্টানিলের প্রবেশ বন্ধ করা যায়। এছাড়া চীনা পণ্যের ওপরও শুল্কারোপের হুমকি দিয়েছেন তিনি, কারণ চীন থেকে আসা ফেন্টানিল যুক্তরাষ্ট্রে ওপিওয়েড সংকটের একটি কারণ হিসেবে চিহ্নিত।
ভারটেক্স ফার্মাসিউটিক্যালসের তথ্য অনুযায়ী, তীব্র ব্যথার কারণে ওষুধ গ্রহণকারী রোগীদের ১০ শতাংশ দীর্ঘমেয়াদি ওপিওয়েড আসক্তিতে ভোগেন। তবে জারনাভ্যাক্স ব্যথার সংকেত মস্তিষ্কে পৌঁছানোর আগেই ভিন্ন উপায়ে কাজ করে, যা ওপিওয়েডের বিকল্প হিসেবে কার্যকর হতে পারে।
ভারটেক্সের প্রধান নির্বাহী রেশমা কেওয়ালরামানি একে ঐতিহাসিক মাইলফলক বলেছেন।
প্রতি বছর যুক্তরাষ্ট্রে ৮ কোটি মানুষ মাঝারি থেকে তীব্র ব্যথা কমানোর জন্য ওষুধ সেবন করেন। জারনাভ্যাক্সের প্রতিটি ক্যাপসুলের দাম পড়বে সাড়ে ১৫ ডলার। তবে এটি শিশুদের জন্য নিরাপদ ও কার্যকর কিনা, তা এখনও জানা যায়নি।
সূত্র: বিবিসি