banglahour

বরগুনার তালতলীতে ব্রিজ ভেঙে ১০ হাজার মানুষ দুর্ভোগে

সারাদেশ | অনলাইন ডেস্ক

(১ বছর আগে) ৩১ জানুয়ারি ২০২৫, শুক্রবার, ৮:২৬ অপরাহ্ন

তালতলী (বরগুনা), শনিবার: বরগুনার তালতলী সদরের বগীরদোনা খালের ওপর নির্মিত ব্রিজটি দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণ অবস্থায় ছিল। অবশেষে শুক্রবার রাতে জোয়ারের পানির তীব্র স্রোতে ব্রিজটি ভেঙে পড়ে। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ব্রিজটি ধসে পড়ায় প্রায় ১০ হাজার মানুষ চরম ভোগান্তিতে পড়েছেন। উপজেলা প্রশাসন দ্রুত বিকল্প ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছে।

দীর্ঘদিনের ঝুঁকিপূর্ণ ব্রিজ ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন

জানা যায়, তালতলীর খোট্রারচর মাছ বাজার এলাকায় বগীরদোনা খালের ওপর ২০০০ সালের দিকে এলজিইডি ব্রিজটি নির্মাণ করে। ২০০৭ সালে ঘূর্ণিঝড় সিডরের সময় সেতুর কিছু অংশ দেবে যায়। এরপর থেকে এটি ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকলেও সংস্কার করা হয়নি। বিকল্প ব্যবস্থা না থাকায় প্রতিদিন দুই পাড়ের কয়েক হাজার মানুষ বাধ্য হয়ে ব্রিজটি ব্যবহার করতেন।

শুক্রবার ভোররাতে প্রবল জোয়ারের স্রোতে ব্রিজটি সম্পূর্ণ ধসে পড়ে। ফলে এলাকাবাসীকে এখন ছোট্ট একটি ডিঙি নৌকায় ঝুঁকি নিয়ে পারাপার হতে হচ্ছে। এতে শিক্ষার্থী, ব্যবসায়ীসহ সাধারণ মানুষের ভোগান্তি চরমে পৌঁছেছে।

ক্ষোভ ও হতাশা স্থানীয়দের

ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, ব্রিজটি ভেঙে খালের পানিতে পড়ে আছে, আর দুই পাশে ভিড় জমেছে। স্থানীয় ব্যবসায়ী মোশারেফ, আমির হোসেন ও আল আমিন বলেন, “দীর্ঘদিন ধরে ব্রিজটি ঝুঁকিপূর্ণ অবস্থায় ছিল। আমরা বহুবার নতুন ব্রিজ নির্মাণের আবেদন করেছি, কিন্তু কোনো উদ্যোগ নেওয়া হয়নি।”

প্রশাসনের আশ্বাস

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে সালমা বলেন, “খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। আপাতত বিকল্প চলাচলের জন্য একটি কাঠের ব্রিজ তৈরি করা হবে। ব্রিজটি কোন দপ্তর নির্মাণ করেছিল, সেটি যাচাই করে তাদের সঙ্গে আলোচনা করা হবে। পাশাপাশি নতুন ব্রিজ নির্মাণের জন্য সংশ্লিষ্ট দপ্তরে প্রতিবেদন পাঠানো হবে।”

স্থানীয়দের দাবি, দ্রুত স্থায়ীভাবে নতুন ব্রিজ নির্মাণ করা না হলে জনদুর্ভোগ আরও বাড়বে। প্রশাসনের দ্রুত পদক্ষেপ নেওয়া জরুরি বলে মনে করছেন এলাকাবাসী।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল