
(১ বছর আগে) ৪ ফেব্রুয়ারি ২০২৫, মঙ্গলবার, ৯:১৭ পূর্বাহ্ন
তাবলিগ জামাতের শীর্ষ মুরুব্বিদের তাৎপর্যপূর্ণ বয়ান ও মুসল্লিদের নফল নামাজ, তাসবিহ-তাহলিল, জিকির আসগারের মধ্যদিয়ে মঙ্গলবার বিশ্ব ইজতেমার দ্বিতীয়পর্বের দ্বিতীয় দিন অতিবাহিত হচ্ছে। কাল বুধবার দুপুর ১২টা থেকে সাড়ে ১২টার মধ্যে যেকোনো এক সময় আখেরি মোনাজাতের মধ্যদিয়ে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের পরিসমাপ্তি ঘটবে।
এপর্বেও কাঙ্খিত আখেরি মোনাজাত পরিচালনা করবেন কাকরাইল জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা মোহাম্মদ জুবায়ের আহমেদ।
তাবলিগের ৬ উসূলের ওপর বাদ ফজর পাকিস্তানের মাওলানা উবায়দুল্লাহ খুরশিদের বয়ানের মধ্যদিয়ে দ্বিতীয় দিনের কার্যক্রম শুরু হয়। তার বয়ান বাংলায় অনুবাদ করেন বাংলাদেশের মাওলানা জাকারিয়া।
দ্বিতীয়পর্বেও ময়দানে যৌতুকবিহীন বিয়ে আনুষ্ঠানিকভাবে হবে বলে নিশ্চিত করেছেন শূরায়ি নেজামের মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান।
শীর্ষ মুরব্বিদের বয়ান চলাকালে ইজতেমা ময়দান জুড়ে নিস্তব্দ নীরবতা নেমে আসে। সকালের কনকনে শীত উপেক্ষা করে মুসল্লিদেরকে গভীর মনোযোগ সহকারে মুরব্বিদের বয়ান শুনতে দেখা গেছে।
ময়দানে যারা বয়ান করছেন যারা: বাদ ফজর বয়ান করেন পাকিস্তানের মাওলানা উবায়দুল্লাহ খুরশিদ। বাদ যোহর বয়ান করবেন ভারতের মাওলানা ইসমাঈল গোধরা। বাদ আছর ভারতের মাওলানা জুহাইরুল হাসান। বাদ মাগরিব ভারতের মাওলানা ইব্রাহীম দেওলা।
সকাল পৌণে ১০টায় তালিমের মোজাক্কারা (আলোচনা) করবেন ভারতের মাওলানা জামাল, ওলামা-মাশায়েখদের উদ্দেশে মূলবয়ান মঞ্চের সামনে বয়ান করবেন ভারতের মাওলানা ইব্রাহিম দেওলা, তুলাবাদের (মাদ্রাসা ছাত্রদের) উদ্দেশ্যে নামাজের মিম্বর থেকে বয়ান করবেন পাকিস্তানের মাওলানা ফরিদ।