banglahour

সাংবাদিক মিরনকে কুপিয়ে বাসার সামনে ফেলে গেছে দুর্বৃত্তরা

অপরাধ | অনলাইন ডেস্ক

(১ বছর আগে) ৫ ফেব্রুয়ারি ২০২৫, বুধবার, ৯:৫৭ পূর্বাহ্ন

পটুয়াখালীর কুয়াকাটায় সাংবাদিক জহিরুল ইসলাম মিরনকে কুপিয়ে বাসার সামনে ফেলে গেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১২টায় তুলাতলী ফিলিংস্টেশন সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।


স্থানীয়রা আহত অবস্থায় তাকে উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা শেষে কর্তব্যরত চিকিৎসক তাকে বরিশালে পাঠান। সর্বশেষ তথ্যমতে, বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজের কর্তব্যরত চিকিৎসকরা তাকে ঢাকায় রেফার করেছেন।

মিরন বাংলাভিশন টেলিভিশনের কুয়াকাটা প্রতিনিধি, কুয়াকাটা প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও কলাপাড়া রিপোর্টার্স ইউনিটির সদস্য।


কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রবিউল ইসলাম বলেন, আহত মিরনকে আশংকাজনক অবস্থায় বরিশালে পাঠানো হয়েছে। দুই হাত, মাথায় এবং মুখের নিচে জখম রয়েছে। এ ছাড়া বুকেও ছুরিকাঘাত করা হয়েছে। একজন সাংবাদিকের ওপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি আমি।

মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম জানান, সাংবাদিক জহিরুল ইসলাম মিরন ঢাকা থেকে রাত আনুমানিক সাড়ে ১২টার সময় গাড়ি থেকে বাসার সামনে নামলে তাকে এলোপাতাড়ি কুপিয়ে ফেলে রেখে যায় দুর্বৃত্তরা। স্থানীয় কিংবা বাসার মানুষ টের পায়নি।


তিনি বলেন, ইতোমধ্যে ফিলিংস্টেশন এবং আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছি। তদন্ত চলমান আছে। এখন পর্যন্ত কাউকে চিহ্নিত করতে না পারলেও আশা করি দ্রুত সন্ত্রাসীদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল