
(১ বছর আগে) ৬ ফেব্রুয়ারি ২০২৫, বৃহস্পতিবার, ১:৫৭ অপরাহ্ন
কুমিল্লায় সাবেক সংসদ সদস্য আকরামুজ্জামান বাহাউদ্দীন বাহারের বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে বিক্ষুব্ধ ছাত্র জনতা। একই সময়ে মহানগর আওয়ামী লীগ কার্যালয়েও হামলার ঘটনা ঘটে।
বুধবার (৬ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে।
এর আগে, নগরীর টাউন হল থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক আবু রায়হানের নেতৃত্বে একটি মিছিল বের হয়ে কান্দিরপাড় এলাকা প্রদক্ষিণ করে। এরপর বিক্ষোভকারীরা মহানগর আওয়ামী লীগ কার্যালয়ে প্রবেশ করে সেখানে থাকা সাবেক এমপি বাহাউদ্দীন বাহারের ছবি ও নামফলক ভাঙচুর করেন।
পরে মধ্যরাতে মিছিল সহকারে বাহারের বাড়িতে গিয়ে ব্যাপক ভাঙচুর চালানো হয় এবং আগুন দেওয়া হয়। এতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শতাধিক নেতাকর্মী অংশ নেন।
আন্দোলনের আহ্বায়ক আবু রায়হান বলেন,
"শেখ হাসিনার হাতে হাজার ছাত্র জনতার রক্তের দাগ। সে গণহত্যাকারী। তার ফাঁসির দাবিতে আমরা কান্দিরপাড়ে অবস্থান নিয়েছিলাম। খুনি হাসিনার প্রেতাত্মা ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগের অস্তিত্ব বাংলাদেশে রাখবো না।"
তিনি আরও বলেন,
"ছাত্রলীগের গুন্ডাদের সতর্ক করে দিচ্ছি। বাড়াবাড়ি করলে পালানোর সুযোগও দেবো না। আমরা ঐক্যবদ্ধভাবে আওয়ামী লীগকে প্রতিহত করবো। নতুন বাংলাদেশে আওয়ামী লীগের অস্তিত্ব রাখা হবে না।"
এ ঘটনায় এখনো পর্যন্ত আইনশৃঙ্খলা বাহিনীর কোনো প্রতিক্রিয়া জানা যায়নি। তবে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে নিরাপত্তা জোরদার করা হয়েছে বলে জানা গেছে।