banglahour

কুমিল্লায় মহানগর আ.লীগ কার্যালয়কে পাবলিক টয়লেট করার ঘোষণা, নৌকার প্রতিকৃতি ভাঙচুর

সারাদেশ | অনলাইন ডেস্ক

(১ বছর আগে) ৭ ফেব্রুয়ারি ২০২৫, শুক্রবার, ১:০৯ অপরাহ্ন

কুমিল্লা মহানগর আওয়ামী লীগ কার্যালয়কে পাবলিক টয়লেট হিসেবে ব্যবহারের ঘোষণা দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) রাতে দলীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ প্রদর্শন শেষে সংগঠনটির মহানগর শাখার আহ্বায়ক মো. আবু রায়হান এ ঘোষণা দেন। একই সঙ্গে ভবনের সামনের খালি স্থানটিকে অটোরিকশা স্ট্যান্ড হিসেবে ঘোষণা দিয়ে রাত থেকেই সেখানে কার্যক্রম শুরু করা হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাত ৯টার দিকে আন্দোলনকারীরা জেলা আওয়ামী লীগ কার্যালয়ে স্থাপিত নৌকার প্রতিকৃতি ভেঙে ফেলে। পরে মহানগর আওয়ামী লীগের কার্যালয়ে গিয়ে সেখানে বিক্ষোভ সমাবেশ করে।

এ সময় মহানগর শাখার আহ্বায়ক মো. আবু রায়হান বলেন, "অফিসের সামনের খালি স্থানটিকে অটোরিকশা স্ট্যান্ড এবং মহানগর আওয়ামী লীগ অফিসকে পাবলিক টয়লেট হিসেবে তৈরি করে দেব। কুমিল্লার মানুষ আওয়ামী লীগের কোনো কিছু দেখতে চায় না। এ রাজনৈতিক দলের অফিস আর কুমিল্লায় থাকবে না।"

উল্লেখ্য, ২০২১ সালের ২১ অক্টোবর গণভবন থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে কুমিল্লা মহানগর আওয়ামী লীগের কার্যালয় উদ্বোধন করেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রামঘাট এলাকায় নান্দনিক কারুকাজ ও আধুনিক সুযোগ-সুবিধাসহ বহুতল ভবনটি নির্মাণের উদ্যোগ নিয়েছিলেন তৎকালীন সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহার। বর্তমানে বাহার ও তার মেয়ে, সিটি করপোরেশনের অপসারিত মেয়র ডা. তাহসিন বাহার সূচনা ভারতে অবস্থান করছেন।

এর আগে বুধবার রাত থেকেই আন্দোলনকারীরা নগরীর আওয়ামী লীগের দলীয় কার্যালয় ও বাহার পরিবারের বাড়িতে হামলা চালায়। বৃহস্পতিবার বিকালে সংগঠনটির ব্যানারে বিক্ষুব্ধ ছাত্র-জনতা কুমিল্লার আদালত প্রাঙ্গণ ও নগর উদ্যানে স্থাপিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দুটি ম্যুরাল ভেঙে ফেলে।

পরে কুমিল্লা জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান লিটন ও সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলম ভূঁঞার কক্ষে তালা ঝুলিয়ে দেয় আন্দোলনকারীরা।

এ বিষয়ে আওয়ামী লীগের কোনো দায়িত্বশীল নেতার বক্তব্য পাওয়া যায়নি, কারণ অধিকাংশ নেতাকর্মী আত্মগোপনে রয়েছেন।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল