
(১ বছর আগে) ৭ ফেব্রুয়ারি ২০২৫, শুক্রবার, ১:১১ অপরাহ্ন
বলিউডের বর্ষীয়ান অভিনেতা অমিতাভ বচ্চন ছেলের ৪৯তম জন্মদিনে স্মৃতির ঝাঁপি খুললেন। বুধবার (৫ ফেব্রুয়ারি) অভিষেক বচ্চনের জন্মদিনে নিজের ইনস্টাগ্রামে ছেলের জন্মের প্রথম দিনের একটি ছবি শেয়ার করেন তিনি। ছবির ক্যাপশনে বিগ বি লিখেছেন, "সময় খুব দ্রুত বয়ে যাচ্ছে।"
ছবিটিতে দেখা যায়, ১৯৭৬ সালের ৫ ফেব্রুয়ারি প্রসূতি ওয়ার্ডে সদ্যোজাত অভিষেককে দেখানো হচ্ছে পরিবারের সদস্যদের। সেখানে উপস্থিত ছিলেন অমিতাভ বচ্চন, হাসপাতালের নার্স ও পরিবারের কয়েকজন সদস্য।
ছবিটি পোস্ট করে অমিতাভ লেখেন, "অভিষেক আজ ৪৯ বছরে পা দিল। ৫ ফেব্রুয়ারি ১৯৭৬… সময় কীভাবে এত দ্রুত কেটে গেল! কিছু মুহূর্ত থাকে, যা কেবল বিশেষ দিনেই শেয়ার করা সম্ভব। এটি তেমনই একটি বিশেষ সময়।"
অভিষেকের জন্মের দুই বছর আগে, ১৯৭৪ সালে তাদের কন্যা শ্বেতা বচ্চন নন্দার জন্ম হয়। পেশাগত ব্যস্ততার কারণে সন্তানদের কাছে খুব বেশি সময় না দিতে পারলেও, তাদের সঠিক শিক্ষা দেওয়ার চেষ্টা করেছেন অমিতাভ। অন্যদিকে সন্তানদের বড় করতে নিজের ক্যারিয়ার থেকে অনেকটাই সরে দাঁড়িয়েছিলেন জয়া বচ্চন।
২০০০ সালে ‘রিফিউজি’ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক ঘটে অভিষেক বচ্চনের। দীর্ঘ ২৫ বছরে ‘ধুম’, ‘গুরু’, ‘বান্টি অউর বাবলি’, ‘বল বচ্চন’-এর মতো জনপ্রিয় সিনেমায় অভিনয় করেছেন তিনি। যদিও বাবার মতো কিংবদন্তি হতে পারেননি, তবে নিজের জায়গা শক্ত করেছেন।
সম্প্রতি ‘আই ওয়ান্ট টু টক’ সিনেমায় অভিনয় করে সমালোচকদের প্রশংসা কুড়িয়েছেন অভিষেক। জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে অমিতাভ ও পরিবারের অন্য সদস্যরা তাদের ভালোবাসার প্রকাশ ঘটান।