ঢাকা, ৯ ফেব্রুয়ারি: মেডিকেল অ্যাসিস্ট্যান্টস ট্রেনিং স্কুল (ম্যাটস) শিক্ষার্থীরা চার দফা দাবিতে রাজধানীর শাহবাগে সড়ক অবরোধ করেছেন। তারা জানিয়েছেন, সেখান থেকে লংমার্চ করে স্বাস্থ্য অধিদপ্তর বা স্বাস্থ্য মন্ত্রণালয়ের দিকে যাওয়ার পরিকল্পনা করছেন।
রবিবার বেলা সাড়ে ১১টার দিকে শিক্ষার্থীরা ঢাকার জাতীয় জাদুঘরের সামনের সড়কে অবস্থান নেন, যার ফলে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বের হওয়ার পথ বন্ধ হয়ে যায়। সিরাজগঞ্জ সরকারি ম্যাটসের শিক্ষার্থী এবং ম্যাটস শিক্ষার্থী ঐক্য পরিষদের সিনিয়র সমন্বয়ক মো. আহসান হাবিব বলেন, “এর আগে গত ২২ জানুয়ারি শাহবাগে সড়ক অবরোধের পর স্বাস্থ্য মন্ত্রণালয় দাবি পূরণের আশ্বাস দিলেও তা বাস্তবায়ন হয়নি।”
তিনি আরও বলেন, “আমাদের বলা হয়েছিল, সাত দিনের মধ্যে দাবি পূরণ করা হবে। কিন্তু একটি চিঠি ইস্যু করা ছাড়া দৃশ্যমান কোনো অগ্রগতি নেই। গত ১৬ বছর ধরে আমাদের নিয়োগ নেই, কর্মসংস্থান নেই। তাই আমরা আবার রাস্তায় নেমেছি এবং এখান থেকে লংমার্চ করব।”
এ বিষয়ে শাহবাগ থানার ওসি মোহাম্মদ খালিদ মনসুর বলেন, “ম্যাটস শিক্ষার্থীরা এখনো পুরোপুরি সড়ক বন্ধ করেনি, তবে তারা অবরোধ করতে পারে।”
চার দফা দাবি:
১. দশম গ্রেডে শূন্য পদে নিয়োগ, কর্মসংস্থান ও সরকারি-বেসরকারি পর্যায়ে নতুন পদ তৈরি।
2. চার বছরের একাডেমিক কোর্স বহাল রেখে কারিকুলাম সংশোধন ও ভাতাসহ এক বছরের ইন্টার্নশিপ চালু।
3. প্রস্তাবিত অ্যালায়েড হেলথ প্রফেশনাল বোর্ড বাতিল করে "মেডিকেল এডুকেশন বোর্ড অব বাংলাদেশ" গঠন।
4. আন্তর্জাতিক মানদণ্ড ও বিএমএন্ডডিসি স্বীকৃত ক্লিনিক্যাল বিষয়ে উচ্চতর শিক্ষার সুযোগ প্রদান।
দেশের ১৬টি সরকারি ও ৫১টি বেসরকারি ম্যাটস ইনস্টিটিউট থেকে তিন বছরের কোর্স সম্পন্ন করে শিক্ষার্থীরা "ডিপ্লোমা ইন মেডিকেল ফ্যাকাল্টি" ডিগ্রি অর্জন করেন এবং স্বাস্থ্য সহকারী হিসেবে কাজের সুযোগ পান। তবে নিয়োগ ও উচ্চশিক্ষার সুযোগ সীমিত থাকায় তারা দীর্ঘদিন ধরে আন্দোলন চালিয়ে আসছেন।
এর আগে গত ২২ জানুয়ারি একই দাবিতে তারা শাহবাগে সড়ক অবরোধ করেছিলেন। শিক্ষার্থীরা জানিয়েছেন, দাবিগুলো বাস্তবায়িত না হলে তারা আরও কঠোর কর্মসূচির দিকে যেতে বাধ্য হবেন।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
