হবিগঞ্জ, ২৬ ফেব্রুয়ারি ২০২৫: হবিগঞ্জের সদর উপজেলার লস্করপুর ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক মো. সেলিম মিয়াকে গ্রেফতার করেছে পুলিশ। তিনি সুলতানশী গ্রামের মৃত আব্দুল করিমের ছেলে।
বুধবার জেলা শিক্ষা অফিসের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয় বলে নিশ্চিত করেছেন সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর কবীর।
বৈষম্যবিরোধী আন্দোলনে হামলার অভিযোগ
পুলিশ জানায়, গত বছরের ২ আগস্ট হবিগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে শিক্ষার্থী ও জনতার ওপর হামলা চালানোর অভিযোগ রয়েছে সেলিম মিয়ার বিরুদ্ধে। এ ঘটনায় আহত তাহির মিয়া বাদী হয়ে ১৮ সেপ্টেম্বর সদর মডেল থানায় মামলা করেন। ওই মামলার অন্যতম আসামি তিনি।
এছাড়া, শিক্ষাপ্রতিষ্ঠানসহ বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে হুমকি-ধমকি, আধিপত্য বিস্তার ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।
দলীয় প্রভাব ও আধিপত্য বিস্তার
স্থানীয়রা জানান, স্বৈরাচারী আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকাকালে সেলিম মিয়া হবিগঞ্জের পলাতক সাবেক এমপি মো. আবু জাহিরের ঘনিষ্ঠজন হিসেবে পরিচিত ছিলেন। দলীয় প্রভাব কাজে লাগিয়ে তিনি এলাকায় একক আধিপত্য বিস্তার করতেন এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটিতে সদস্যপদ অর্জন করতেন, যদিও তার নিজের শিক্ষাগত যোগ্যতা নিয়ে প্রশ্ন রয়েছে।
আত্মগোপন থেকে প্রকাশ্যে আসার চেষ্টা
৪ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের মুখে এমপি আবু জাহির পালিয়ে গেলে সেলিম মিয়াও আত্মগোপনে চলে যান। তবে সম্প্রতি তিনি কৌশলে প্রকাশ্যে আসার চেষ্টা করেন।
বুধবার একটি শিক্ষাপ্রতিষ্ঠানের নির্বাচনে ভোট দিতে জেলা শিক্ষা অফিসে গেলে বৈষম্যবিরোধী আন্দোলনের শিক্ষার্থী ও জনতার তোপের মুখে পড়েন। খবর পেয়ে পুলিশ গিয়ে তাকে গ্রেফতার করে।
পুলিশ জানিয়েছে, তার বিরুদ্ধে অপরাধমূলক কার্যক্রমের অতীত রেকর্ড রয়েছে, এবং প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
